যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অনুষ্ঠিত এক সাম্প্রতিক সিনেট শুনানির পর দেশটির কেন্টাকির রিপাবলিকান সিনেটর র্যান্ড পল দাবি করেছেন যে, ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসের সাবেক পরিচালক অ্যান্থনি ফাউচির কারাদণ্ড হওয়া উচিত। গত সপ্তাহে সিনেট কমিটির শুনানিতে ফাউচি শতাধিকবার তার পঞ্চম সংশোধনী অধিকার প্রয়োগ করে সাক্ষ্য প্রদান থেকে বিরত থাকার পর র্যান্ড পল এই মন্তব্য করেন।
এমএস এনবিসি-র ‘মর্নিং জো’ অনুষ্ঠানে অংশ নিয়ে সিনেটর র্যান্ড পল জানান, ফাউচি কংগ্রেসে মিথ্যা বলেছেন বলে তিনি বিশ্বাস করেন। পলের মতে, কংগ্রেসে মিথ্যা বলা এবং রেকর্ড ধ্বংস করার মতো বিষয়গুলো গুরুতর অপরাধ, যার জন্য জেল হওয়া উচিত। তিনি দাবি করেন, কোভিডের আগে গবেষণার বিষয়ে ফাউচির ভূমিকা নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, তার সত্যতা উন্মোচন করা জরুরি।
ফাউচির উদ্দেশ্য সম্পর্কে এক প্রশ্নের জবাবে র্যান্ড পল বলেন, তার কাজগুলো ভুল পথে পরিচালিত ছিল। পলের ভাষায়, ফাউচি মনে করেন সাধারণ মানুষের সত্য বোঝার ক্ষমতা নেই এবং বিশেষজ্ঞ হিসেবে তিনি একাই সব সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখেন।
এর আগেও বিভিন্ন সময়ে র্যান্ড পল দাবি করেছেন যে, ফাউচি গেইন-অফ-ফাংশন গবেষণার বিষয়ে কংগ্রেসে মিথ্যা সাক্ষ্য দিয়েছেন, যা একটি শাস্তিযোগ্য অপরাধ। তবে এই বিষয়ে ফাউচি বা তার কার্যালয়ের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।