যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার নর্দান ডিস্ট্রিক্ট আদালতে করা সিরি এআই সংক্রান্ত একটি ক্লাস-অ্যাকশন মামলায় অ্যাপল ২৫০ মিলিয়ন ডলারের সেটেলমেন্ট বা সমঝোতা চুক্তিতে সম্মত হয়েছে। বিজ্ঞাপনে সিরি এআই সম্পর্কে ভুল তথ্য দেওয়ার অভিযোগে করা এই মামলাটি নিষ্পত্তি করার লক্ষ্যে কোম্পানিটি এই তহবিল গঠন করেছে। এর মাধ্যমে নির্দিষ্ট সময়কালে আইফোন ক্রয়কারী গ্রাহকরা আর্থিক ক্ষতিপূরণ পাওয়ার সুযোগ পাচ্ছেন।
মামলার প্রেক্ষাপট
২০২৫ সালের মার্চ মাসে এই মামলাটি দায়ের করা হয়েছিল। এতে অভিযোগ করা হয়, অ্যাপল তাদের বিভিন্ন ইভেন্ট এবং বিজ্ঞাপনে সিরি এআই-এর যে উন্নত ফিচারের প্রতিশ্রুতি দিয়েছিল, তা সময়মতো প্রদান করতে ব্যর্থ হয়েছে। বিশেষ করে ২০২৪ সালের মাঝামাঝি সময় থেকে এই প্রযুক্তি নিয়ে ব্যাপক প্রচার চালানো হলেও দীর্ঘ সময় তা গ্রাহকদের নাগালে ছিল না। অ্যাপল অবশ্য তাদের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ অস্বীকার করেছে এবং কোনো ধরনের ভুল করার কথা স্বীকার করেনি। তবে আইনি জটিলতা এড়াতে তারা সমঝোতার মাধ্যমে এই তহবিল প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।
কারা আবেদন করতে পারবেন
যারা ১০ জুন, ২০২৪ থেকে ২৯ মার্চ, ২০২৫ সালের মধ্যে আইফোন ১৫ প্রো, আইফোন ১৫ প্রো ম্যাক্স অথবা যেকোনো মডেলের আইফোন ১৬ কিনেছেন, তারা এই ক্ষতিপূরণের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। প্রতিটি ডিভাইসের জন্য আলাদাভাবে আবেদন করা যাবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী গ্রাহকদের ‘স্মার্টফোন এআই সেটেলমেন্ট’ ওয়েবসাইটের মাধ্যমে তাদের দাবি বা ক্লেইম জমা দিতে হবে। আবেদনে নাম, যোগাযোগ তথ্য এবং ডিভাইসের সিরিয়াল নম্বর প্রদান করতে হবে। এছাড়া অর্থ গ্রহণের মাধ্যম হিসেবে পেপ্যাল, ভেনমো, চেক অথবা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টের (ACH) তথ্য দিতে হবে। আবেদনের শেষ সময়সীমা ২১ ডিসেম্বর।
প্রাপ্তির পরিমাণ
প্রতিটি ডিভাইসের বিপরীতে একজন ব্যবহারকারী ২৫ থেকে ৯৫ ডলার পর্যন্ত পেতে পারেন। তবে চূড়ান্ত পাওয়ার পরিমাণ নির্ভর করবে মোট কতজন গ্রাহক আবেদনের জন্য নিবন্ধিত হয়েছেন এবং অন্যান্য সংশ্লিষ্ট বিষয়ের ওপর। আগামী ২৪ ফেব্রুয়ারি, ২০২৭ তারিখে চূড়ান্ত অনুমোদনের জন্য শুনানির দিন ধার্য করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের মধ্যেই যোগ্য ব্যবহারকারীরা তাদের অর্থ বুঝে পাবেন বলে আশা করা হচ্ছে।