ঢাকাWednesday , 14 October 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

কুষ্টিয়ার মিরপুরে ভুয়া বিলে লক্ষ টাকার নাশতা খাওয়ার অভিযোগ সাবেক ইউএনওর বিরুদ্ধে

Truth Post
August 6, 2026 2:00 pm
Link Copied!

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপ্যায়নের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে সাবেক নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলামের বিরুদ্ধে। উপজেলার একটি বেকারি ও ফলের দোকানের ফাঁকা রসিদ সংগ্রহ করে নিজের ইচ্ছামতো টাকার অঙ্ক বসিয়ে তিনি এই অর্থ আত্মসাৎ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। অডিটের সুযোগ থাকলেও কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়াই বিল পরিশোধ করেছে উপজেলা হিসাবরক্ষণ অফিস, যা প্রশাসনিক অনিয়মের বড় উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।

তদন্তে যা পাওয়া গেছে
খোঁজ নিয়ে জানা গেছে, নির্বাচনে আপ্যায়নের নামে চার ভাউচারে ৯০ হাজার টাকা বরাদ্দ ছিল। সরেজমিনে সংশ্লিষ্ট দোকানগুলোতে গিয়ে ভাউচারে উল্লেখিত তারিখে পণ্য ক্রয়ের কোনো সত্যতা পাওয়া যায়নি। রসিদ অনুযায়ী ১৫ ফেব্রুয়ারি রুমন বেকারি ও কনফেকশনারি থেকে ৭শ পিস ডিম প্যাটিস, ৩শ পিস লেক্সাস বিস্কুট, ১শ পিস কেক এবং বকুল ফল ভান্ডার থেকে ৪০ কেজি করে আপেল, আঙুর, কমলা ও পেয়ারা কেনার কথা উল্লেখ রয়েছে। তবে দোকানমালিক ও কর্মচারীরা জানিয়েছেন, ইউএনও অফিসের লোক এসে ফাঁকা ভাউচার নিয়ে যায় এবং পরে নিজেদের মতো বিল তৈরি করে নেয়। ওই তারিখে তারা কোনো পণ্য সরবরাহ করেননি।

সংশ্লিষ্টদের বক্তব্য
উপজেলা অফিসের কর্মচারী জামিরুল শুরুতে ফাঁকা ভাউচার সংগ্রহের কথা বললেও পরে তা অস্বীকার করেন। এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মঞ্জিলা আফরিন বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন। এদিকে, সাবেক ইউএনও নাজমুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

ভবিষ্যৎ করণীয়
স্থানীয় ব্যবসায়ীরা ভুয়া বিলের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের দায়ে সাবেক ইউএনওর বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত ও ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুল গফুর বলেন, প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার বিষয়টি সংশ্লিষ্টদের এখতিয়ার। তবে ভবিষ্যতে যেন এমন দুর্নীতি না হয়, সে বিষয়ে তিনি প্রতিটি সভায় সতর্কবার্তা দিয়ে আসছেন বলে জানান।