ইতালির ভেনিসে অনুষ্ঠিত ২০২৬ সালের চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে নিজের নজরকাড়া পোশাকের মাধ্যমে ফ্যাশন সচেতনদের দৃষ্টি আকর্ষণ করেছেন মার্কিন সুপারমডেল ক্যান্ডাল জেনার। ফ্যাশন বিশ্লেষক আভা গিলক্রিস্টের মতে, এই উৎসবে জেনারের বাছাই করা পোশাকগুলো আসন্ন শরৎকালীন ট্রেন্ড হিসেবে গণ্য হচ্ছে। ভেনিসের গ্র্যান্ড খালে স্পিডবোটে ঘোরাঘুরি কিংবা বিভিন্ন চলচ্চিত্র প্রদর্শনীতে তার উপস্থিতি ফ্যাশন দুনিয়ায় নতুন আলোচনার জন্ম দিয়েছে।
ভেনিস উৎসবে জেনারের পোশাকের তালিকায় ছিল ঝুড়ি আকৃতির ব্যাগ, ফ্লোরাল বা ফুলের নকশাযুক্ত পোশাক, এমবেলিশড বা অলঙ্কৃত স্কার্ট এবং ব্রোকেড ব্লাউজ। ভিনটেজ জর্জিও আরমানি পোশাক থেকে শুরু করে শেয়ার ভিভিয়েন ওয়েস্টউড ড্রেস—সবকিছুতেই ছিল আভিজাত্যের ছাপ।
তার ফ্যাশন শৈলী সম্পর্কে বলতে গিয়ে বিশ্লেষকরা জানিয়েছেন, জেনার তার পোশাক নির্বাচনের ক্ষেত্রে নান্দনিকতা ও আরামকে সমান গুরুত্ব দিয়েছেন। বিশেষ করে সান মার্কোর রাস্তায় ফ্লোরাল ম্যাক্সি ড্রেস এবং বিমানবন্দরের যাত্রায় ব্রোকেড মেটেরিয়ালের শাল ব্যবহার করে তিনি শরৎকালীন ফ্যাশনে এক নতুন ধারার সূচনা করেছেন।
ভেনিসে তার এই পোশাকের সম্ভার মূলত ‘লা ডলচে ভিটা’ বা ইতালীয় সহজ-সরল জীবনযাত্রার আবহে তৈরি। জেনারের এই ট্রেন্ডি পোশাকগুলো সাধারণ ফ্যাশনপ্রেমীদের জন্যও আসন্ন ঋতুতে পরিধানযোগ্য একটি ‘ক্যাপসুল ওয়ার্ডরোব’ হিসেবে কাজ করবে বলে মনে করছেন ফ্যাশন বিশেষজ্ঞরা।