যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ডে এনডব্লিউএসএল-এর একটি ম্যাচ চলাকালীন পোর্টল্যান্ড থর্নস ফুটবল দলের স্টেডিয়াম প্রভিডেন্স পার্কে আটজন দর্শককে বের করে দেওয়া হয়েছে। অ্যামি ই সুসা নামের একজন দর্শক ও তার সঙ্গীদের বিরুদ্ধে মাঠের নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগ এনে তাদের স্টেডিয়াম থেকে সরিয়ে দেওয়া হয়।
ঘটনার সময় দর্শকরা ‘সেভ উইমেন্স স্পোর্টস’, ‘গার্লস জাস্ট ওয়ানা হ্যাভ ফান্ডামেন্টাল রাইটস’ এবং ‘ওম্যান’-এর মতো স্লোগান সম্বলিত পোশাক পরেছিলেন। সুসা অভিযোগ করেছেন যে, তাদের পোশাকগুলোকে ‘ট্রান্সফোবিক’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে।
স্টেডিয়ামের নিরাপত্তা কর্মীরা দর্শকদের একটি নোটিশ প্রদান করেন এবং প্রভিডেন্স পার্ক ও এনডব্লিউএসএল-এর আচরণবিধি ভঙ্গের দায়ে তাদের সেখান থেকে সরিয়ে দেন। নোটিশে বলা হয়েছে, ব্যক্তিগত তথ্য প্রদানে অস্বীকৃতি জানালে তাদের ভবিষ্যতে সব ধরণের ইভেন্ট থেকে নিষিদ্ধ করা হতে পারে।
অ্যামি সুসা দাবি করেছেন, কোনো ধরণের বিশৃঙ্খলা সৃষ্টির আগেই তাদের বের করে দেওয়া হয়েছে। সুসার দাবি, তারা কোনো রাজনৈতিক প্রচারণায় লিপ্ত ছিলেন না, বরং নির্ধারিত আসনেই বসেছিলেন।
এনডব্লিউএসএল-এর আচরণবিধিতে রাজনৈতিক প্রচারণামূলক পোশাক পরা নিষিদ্ধ রয়েছে। তবে কী ধরণের পোশাক রাজনৈতিক হিসেবে বিবেচিত হবে, সে বিষয়ে সুস্পষ্ট কোনো মানদণ্ড না থাকায় মাঠ কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপরই বিষয়টি নির্ভর করছে। এই ঘটনায় পোর্টল্যান্ড থর্নস বা লিগ কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।