ঢাকাFriday , 7 August 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

শাহজালালে সেকেলে তল্লাশি: বেল্ট-জুতা খুলে খালি পায়ে দাঁড়াতে হয় যাত্রীদের


August 7, 2026 6:00 am
Link Copied!

বাংলাদেশের ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে ম্যানুয়াল বা হাত দিয়ে স্পর্শ করে নিরাপত্তা তল্লাশির অভিযোগ উঠেছে। বিমানবন্দর ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির যুগে প্যান্টের বেল্ট, ঘড়ি ও জুতা খুলে যাত্রীদের যেভাবে তল্লাশি করা হচ্ছে, তাকে বিব্রতকর ও জঘন্য বলে আখ্যা দিয়েছেন যাত্রী ও বিশেষজ্ঞরা।

মঙ্গলবার (৪ আগস্ট) সরেজমিনে দেখা যায়, বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে প্রবেশের সময় লাগেজ স্ক্যানিংয়ের পাশাপাশি আর্চওয়ে গেট পেরিয়ে যাওয়ার সময় আনসার সদস্যরা যাত্রীদের শরীর হাত দিয়ে স্পর্শ করে তল্লাশি করছেন। পরবর্তীতে বোর্ডিং পাস সংগ্রহের পর আবারও একই প্রক্রিয়ায় বেল্ট, ঘড়ি ও জুতা খুলে পুনরায় খালি পায়ে আর্চওয়ে গেট পার হতে হয়। এসময় আবারও আনসার সদস্যরা শরীর স্পর্শ করে তল্লাশি চালিয়ে থাকেন।

যাত্রী আরিফ কবির বলেন, অপরাধীদের যেভাবে তল্লাশি করা হয়, বিমানবন্দরের যাত্রীদের সাথে তেমন আচরণ করা খুবই কষ্টদায়ক। এতে সময় নষ্ট হওয়ার পাশাপাশি দীর্ঘ লাইনের সৃষ্টি হচ্ছে। নাজিম আহমেদ নামে আরেক যাত্রী জানান, আধুনিক প্রযুক্তির বদলে এই প্রাচীন পদ্ধতিতে তল্লাশি অত্যন্ত হতাশাজনক।

অ্যাভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহেদুল আলম বলেন, এই প্রযুক্তির যুগে হাত দিয়ে তল্লাশি চালানোর মতো ঘটনা কোনো দেশেই নেই। এটি আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। বিমানবন্দর সংশ্লিষ্টদের দাবি, স্পর্শহীন নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত স্বয়ংক্রিয় হিউম্যান বডি স্ক্যানার বসানো জরুরি।

এ বিষয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদস্য (নিরাপত্তা) আসিফ ইকবাল বলেন, আন্তর্জাতিক নিয়ম মেনেই এই তল্লাশি চালানো হচ্ছে। তবে থার্ড টার্মিনাল পুরোপুরি চালু হলে সেখানে ২০টি আধুনিক হিউম্যান বডি স্ক্যানার ব্যবহার করা হবে, যার ফলে যাত্রীদের আর এই বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হতে হবে না।