বাংলাদেশের ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে আগামীকাল শুক্রবার দুপুর পর্যন্ত ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকাগুলোতে অতিভারি বর্ষণের ফলে ভূমিধসের প্রবল আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সতর্কবার্তায় বলা হয়, আজ সকাল ৯টা থেকে আগামীকাল সকাল ৯টা পর্যন্ত এই চার বিভাগের বিভিন্ন স্থানে ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত ভারি এবং ৮৮ মিলিমিটারের বেশি অতিভারি বৃষ্টিপাত হতে পারে। আজ সকাল থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি শুরু হয়েছে এবং বেলা ১১টার পর রাজধানীতেও ভারি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আগামীকালের পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার সকাল ৯টা থেকে রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রংপুর বিভাগের কিছু জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।
শনিবারের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, রোববার ও সোমবারও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের এই প্রবণতা অব্যাহত থাকতে পারে।