আর্জেন্টিনার বুয়েনস এইরেসে ২০২৬ সালের ডিসেম্বরে আয়োজিত হতে যাওয়া কার্লোস তেভেজের বিদায়ী ম্যাচে ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোকে একই দলে দেখা যেতে পারে বলে জানিয়েছেন খোদ তেভেজ। দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী এই দুই তারকাকে নিয়ে এমন আয়োজনের পরিকল্পনা ফুটবল বিশ্বে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
ফুট মেরকাতো ও গোল ডটকমের প্রতিবেদন অনুযায়ী, বুয়েনস এইরেসের লা বোম্বোনেরা স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই বিশেষ ম্যাচটির জন্য দুই মহাতারকার সঙ্গেই যোগাযোগ করেছেন তেভেজ। তিনি জানিয়েছেন, দুজনেই তার প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছেন। ক্যারিয়ারে মেসি ও রোনালদো—উভয়ের সঙ্গেই সতীর্থ হিসেবে খেলার অভিজ্ঞতা রয়েছে তেভেজের। তিনি জাতীয় দলে মেসির সঙ্গে যেমন খেলেছেন, তেমনি ম্যানচেস্টার ইউনাইটেডে রোনালদোর ড্রেসিংরুমও ভাগ করেছেন।
তেভেজ বলেন, তিনি সবসময় চেয়েছিলেন ফুটবল ইতিহাসের সেরা এই দুই খেলোয়াড়কে একই দলের জার্সি পরা অবস্থায় দেখতে। সেই ইচ্ছা থেকেই তিনি দুই তারকার সঙ্গে যোগাযোগ করেন। রোনালদোর পক্ষ থেকে সম্মতি পাওয়ার পর মেসির কাছ থেকেও ইতিবাচক সাড়া পেয়েছেন তিনি।
ফুটবল ইতিহাসে মেসি ও রোনালদোকে নিয়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতার গল্প থাকলেও, কোনো প্রতিযোগিতামূলক বা প্রদর্শনী ম্যাচে তাদের কখনোই একই দলের জার্সি পরে খেলতে দেখা যায়নি। সে কারণে তেভেজের বিদায়ী ম্যাচে তাদের একসঙ্গে দেখার সম্ভাবনা ফুটবলপ্রেমীদের মাঝে প্রবল উৎসাহের জন্ম দিয়েছে।