নাটোরের উত্তরা গণভবনের সামনে বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতার পথসভাস্থল থেকে এক যুবককে পিস্তলসহ আটক করেছে পুলিশ। শুক্রবার (৭ আগস্ট) বিকেল ৫টার দিকে তাকে আটক করা হয়। মন্ত্রীর নিরাপত্তাবলয়ে একজন অস্ত্রধারী যুবকের উপস্থিতি জননিরাপত্তার খাতিরে গুরুত্বসহকারে দেখছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনসুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার বিকেল ৩টার দিকে মন্ত্রী উত্তরা গণভবন পরিদর্শন শেষে গেটসংলগ্ন একটি পথসভা মঞ্চে বক্তব্য দিচ্ছিলেন। ওই সময় তানিম নামের ওই যুবক মন্ত্রীর কাছাকাছি অবস্থান করছিলেন। তানিম নাটোর পৌরসভার কানাইখালী এলাকার শামসুল আলমের ছেলে।
ঘটনার বিবরণ অনুযায়ী, মন্ত্রী মঞ্চ থেকে নামার সময় ওই যুবকের সঙ্গে দুইবার ধাক্কা লাগে। এতে সন্দেহ হলে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে তল্লাশি চালিয়ে তার কাছে একটি পিস্তল পাওয়া যায়। পরে পিস্তলসহ তাকে আটক করে নাটোর সদর থানায় নেওয়া হয়।
আটক যুবকের দাবি, পিস্তলটি তার বাবার নামে লাইসেন্স করা এবং আত্মরক্ষার জন্য তিনি সেটি সঙ্গে এনেছিলেন। নিজেকে শিক্ষার্থী বলেও দাবি করেছেন তিনি।
উল্লেখ্য, মন্ত্রী আফরোজা খানম উত্তরা গণভবন পরিদর্শন শেষে মিনি কক্সবাজার খ্যাত পাটুলে যাওয়ার পথে এই ঘটনা ঘটে। এ সময় মন্ত্রীর সফরসঙ্গী হিসেবে জাতীয় সংসদের হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যানসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।