ঢাকাSaturday , 8 August 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

কারিগরি ত্রুটিতে রোমে আটকা বিমানের টরন্টো ফ্লাইট


August 8, 2026 5:45 am
Link Copied!

ইতালির রোমের ফিউমিচিনো বিমানবন্দরে কারিগরি ত্রুটির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট আটকা পড়েছে। কানাডার টরন্টো থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হওয়া বিজি৩০৬ ফ্লাইটের উড্ডয়ন কার্যক্রম আপাতত স্থগিত করা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, উড়োজাহাজটির নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা ও মেরামতের কাজ চলছে।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ার ডটকমের তথ্য অনুযায়ী, বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার মডেলের এই উড়োজাহাজটি টরন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বৃহস্পতিবার বিকেলে যাত্রা করেছিল। আট ঘণ্টা উড্ডয়নের পর শুক্রবার সকালে সেটি রোমের ফিউমিচিনো বিমানবন্দরে অবতরণ করে।

বিমান কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, রোমে আটকে পড়া যাত্রীদের জন্য হোটেলে থাকা ও খাবারের ব্যবস্থা করা হয়েছে। ত্রুটি নিরসন ও নিরাপত্তা যাচাই শেষে উড়োজাহাজটি ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করবে।

এই ঘটনার ফলে ঢাকা-রোম-টরন্টো রুটের বিজি৩০৫ ফ্লাইটের যাত্রা বিলম্বিত হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, ফ্লাইটটি ৮ আগস্ট বেলা ১টায় ছেড়ে যাবে। সংশ্লিষ্ট যাত্রীদের এদিন সকাল ৯টার মধ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

যাত্রীদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, বিজি৩০৬ ফ্লাইটের নতুন সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।