বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে মন্তব্য করেছেন, যারা মুক্তিযুদ্ধকে খাটো করার জন্য জুলাই গণঅভ্যুত্থানকে ব্যবহার করেন তারা ধান্ধাবাজ বা মূর্খ। শনিবার (৮ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন। মুক্তিযুদ্ধ ও জুলাইয়ের আদর্শিক অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।
পোস্টে তিনি লেখেন, যদি কেউ মনে করেন মুক্তিযুদ্ধ মানে কেবল শেখ পরিবার ও আওয়ামী লীগের স্বেচ্ছাচারিতার স্বাধীনতা, তবে তিনি মুক্তিযুদ্ধ ও জুলাই—দুটোরই বিরোধী। তিনি আরও লেখেন, মুক্তিযুদ্ধ আমাদের জীবনের শ্রেষ্ঠ অর্জন এবং জুলাই গণঅভ্যুত্থান স্বাধীন বাংলাদেশের সবচেয়ে গৌরবোজ্জ্বল বীরগাথা। এই দুইয়ের মধ্যে কোনো বিরোধ নেই বরং জুলাই গণঅভ্যুত্থান মুক্তিযুদ্ধের প্রকৃত প্রত্যাশা পূরণের একটি আত্মত্যাগী লড়াই।
আসিফ নজরুল বলেন, মুক্তিযুদ্ধকালীন বিভিন্ন সময়ের নৃশংসতার কথা স্মরণ করে তিনি বলেন, ব্যক্তিবিশেষের অপকর্মের জন্য মুক্তিযুদ্ধ প্রশ্নবিদ্ধ হয়নি। একইভাবে জুলাই গণঅভ্যুত্থানের পর কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য পুরো আন্দোলনকে অস্বীকার করা ঠিক নয়। বর্তমানে জুলাইকে প্রশ্নবিদ্ধ করার এবং মুক্তিযুদ্ধ ও জুলাইকে মুখোমুখি দাঁড় করানোর যে প্রচেষ্টা চলছে, তিনি তাকে হীন ও অন্যায় হিসেবে অভিহিত করেন।