যুক্তরাষ্ট্রের গার্ল স্কাউটস আগামী ১২ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া কুকি মৌসুমে মানুষের পাশাপাশি পোষা কুকুরের জন্য নতুন দুটি কুকি বাজারে আনার ঘোষণা দিয়েছে। গার্ল স্কাউটস অফ দ্য ইউএসএ জানায়, এই উদ্যোগের লক্ষ্য হলো যারা খাদ্য অ্যালার্জি বা ডায়েটারি বিধিনিষেধের কারণে আগে কুকি খেতে পারতেন না, তাদের অন্তর্ভুক্ত করা এবং পোষা প্রাণীদের বিশেষ খাবার সরবরাহ করা।
নতুন এই পণ্যগুলোর নাম রাখা হয়েছে স্পার্কাবেলস এবং প্যাচ পালস। স্পার্কাবেলস হলো একটি ক্রাঞ্চি ওটমিল কুকি, যাতে চকলেট চিপস এবং রেইনবো স্প্রিংকলস রয়েছে। এটি পার্টেক ফুডসের সহযোগিতায় তৈরি করা হয়েছে এবং এটি বাদামমুক্ত, গ্লুটেনমুক্ত ও ভেগান ঘরানার, যা অ্যালার্জি আক্রান্ত ব্যক্তিদের কথা মাথায় রেখে বানানো হয়েছে।
অন্যদিকে প্যাচ পালস হলো ব্লুবেরি মাফিন স্বাদের কুকি, যা বিশেষভাবে পোষা কুকুরের জন্য তৈরি করা হয়েছে। বার্ক নামক একটি পেট-প্রোডাক্ট কোম্পানির সাথে যৌথভাবে এটি তৈরি করেছে গার্ল স্কাউটস। এই কুকিগুলো ছয় মাসের বেশি বয়সী এবং পাঁচ পাউন্ডের বেশি ওজনের কুকুরের জন্য উপযোগী।
তবে এই পণ্যগুলো সাধারণ গার্ল স্কাউট স্টল বা স্থানীয় কোনো স্কাউটের কাছ থেকে কেনা যাবে না। শুধু অনলাইনে অর্ডার করা যাবে এবং ১২ জানুয়ারি মৌসুম শুরু হওয়ার পর থেকে এগুলো শিপিংয়ের জন্য উন্মুক্ত হবে। আগ্রহী গ্রাহকরা এখন থেকেই ওয়েবসাইটের মাধ্যমে পরবর্তী আপডেটের জন্য সাইন আপ করতে পারবেন।