বাংলাদেশের বেনাপোল স্থলবন্দরের অবকাঠামো উন্নয়ন ও আধুনিকায়নের লক্ষ্যে ২৭৭ কোটি ৪৩ লাখ টাকার দুটি ক্রয় প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। স্থলবন্দরটির সক্ষমতা বাড়ানো এবং বাণিজ্য ও যাত্রীসেবার মান উন্নয়নের জন্য এই প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
বিশ্বব্যাংকের অর্থায়নে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ ‘ইস্টার্ন সাউথ এশিয়ায় পরিবহন ও বাণিজ্য সংযোগ ত্বরান্বিতকরণ বাংলাদেশ প্রথম পর্যায়’ শীর্ষক একটি প্রকল্প বাস্তবায়ন করছে। এই প্রকল্পের আওতায় প্রথম ধাপে বেনাপোল স্থলবন্দরে নতুন বন্দর ভবন, যাত্রীদের জন্য গাড়ি পার্কিংয়ের স্থান এবং আনুষঙ্গিক অবকাঠামো নির্মাণ করা হবে। এই প্যাকেজের কাজ বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে ঢাকার মনিকো লিমিটেড, যার চুক্তিমূল্য ১২৭ কোটি ২৩ লাখ ৯২ হাজার ৯৮৮ টাকা।
প্রকল্পের দ্বিতীয় অংশে বেনাপোল স্থলবন্দরে ইয়ার্ড, শেড, গুদাম এবং পণ্য স্থানান্তরের জন্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করা হবে। ১৫০ কোটি ১৯ লাখ ৩১ হাজার ৯৫৭ টাকা চুক্তিমূল্যে এই কাজটি পেয়েছে কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচার পিএলসি। নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এই দুটি ক্রয় প্রস্তাবের চূড়ান্ত অনুমোদন দিয়েছে।