জাপানের ফুকুওকায় অনুশীলনের পর হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে সায়মোনি ভুনিলাগি নামে ২৬ বছর বয়সী এক ফিজিয়ান রাগবি খেলোয়াড়ের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে তার ক্লাব কিউডেন ভলটেক্স। এই মর্মান্তিক মৃত্যুতে জাপানের রাগবি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
ক্লাব কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, গত ৩ আগস্ট সোমবার দলীয় অনুশীলনের পর সায়মোনি গুরুতর হিটস্ট্রোকের লক্ষণ দেখালে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৭ আগস্ট শুক্রবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। চলতি সপ্তাহে ফুকুওকায় তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছিল।
সায়মোনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে কিউডেন ভলটেক্স। ক্লাবটি এক বিবৃতিতে জানিয়েছে, দলের খেলোয়াড় ও স্টাফরা এই আকস্মিক খবরে বিধ্বস্ত। ক্লাবে নতুন যোগ দিলেও সায়মোনির বন্ধুত্বপূর্ণ আচরণ এবং শক্তিশালী খেলার ধরন আসন্ন মৌসুমের জন্য দলের প্রত্যাশা বাড়িয়ে দিয়েছিল। তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে এই কঠিন সময়ে তাদের গোপনীয়তা রক্ষার অনুরোধ করেছে ক্লাব কর্তৃপক্ষ।
জাপান রাগবি লিগ ওয়ান কর্তৃপক্ষও সায়মোনির অকাল প্রয়াণে শোক প্রকাশ করেছে। সায়মোনি গত মাসেই জাপানের দ্বিতীয় বিভাগের দল কিউডেন ভলটেক্সে যোগ দিয়েছিলেন। এর আগে তিনি জাপানের শীর্ষস্থানীয় ক্লাব টোকিও সানগোলিয়াথের হয়ে খেলেছেন। ২০২৩ সালে পেশাদার ক্যারিয়ার শুরু করা এই দীর্ঘদেহী রাগবি খেলোয়াড় জাপানের একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন।