ঢাকাFriday , 2 October 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

ইতিহাস গড়ে যাত্রা শুরু করল ওমেন্স প্রফেশনাল বেসবল লিগ

Link Copied!

যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের স্প্রিংফিল্ডে প্রথমবারের মতো নারীদের পেশাদার বেসবল লিগ বা ডব্লিউপিবিএল তাদের উদ্বোধনী মৌসুম শুরু করেছে। এই লিগটি পেশাদার পর্যায়ে নারীদের বেসবল খেলার সুযোগ সৃষ্টির মাধ্যমে এক নতুন ইতিহাসের সূচনা করেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এই মাইলফলক অর্জনের গুরুত্ব তুলে ধরে কুইন্স দলের থার্ড বেসম্যান অ্যাশটন ল্যান্সডেল বলেন, এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে নারীদের পঞ্চম পেশাদার বেসবল লিগ হলেও আমরা আশা করছি এটিই হবে শেষ এবং স্থায়ী লিগ।

উদ্বোধনী ম্যাচ ঘিরে স্প্রিংফিল্ডের রবিন রবার্টস স্টেডিয়ামে ছিল দর্শকদের উপচে পড়া ভিড়। বৃষ্টির বাগড়া উপেক্ষা করে দেশ-বিদেশের শত শত দর্শক মাঠে উপস্থিত হন। লস অ্যাঞ্জেলেস কুইন্স, নিউইয়র্ক হাইটস, বোস্টন হান্টার্স এবং সান ফ্রান্সিসকো ফায়ারবেলস—এই চারটি দল নিয়ে শুরু হওয়া লিগটির প্রথম ছয় সপ্তাহের ম্যাচগুলো ইলিনয়ের স্প্রিংফিল্ডেই অনুষ্ঠিত হবে।

বেসবলের সঙ্গে যুক্ত অনেক নারী খেলোয়াড় শৈশব থেকে এই খেলার স্বপ্ন লালন করলেও পেশাদার ক্ষেত্রে বড় ধরনের প্রতিবন্ধকতার মুখে পড়তেন। অনেকের খেলার সুযোগ একসময় বন্ধ হয়ে যেত। তবে ‘বেসবল ফর অল’-এর মতো উদ্যোগ এবং বিভিন্ন আঞ্চলিক লিগে অংশগ্রহণের মাধ্যমে তারা তাদের লক্ষ্য অবিচল রেখেছেন। বর্তমানে যারা এই লিগে খেলছেন, তাদের অনেকেই শিক্ষার্থী কিংবা অন্য পেশার পাশাপাশি নিজেদের ক্রীড়া স্বপ্ন পূরণ করছেন। দীর্ঘ অপেক্ষার পর প্রথমবারের মতো পেশাদার খেলোয়াড়রা একত্রিত হয়ে খেলার সুযোগ পাওয়ায় এটাকে বড় প্রাপ্তি হিসেবে দেখছেন তারা।

টুর্নামেন্টের উদ্বোধনী দিনে ৯৯ বছর বয়সী প্রবীণ বেসবল খেলোয়াড় মেবেল ব্লেয়ার প্রথম পিচ ছুড়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। স্টেডিয়ামের ৫ হাজার ২০০ আসনই ছিল দর্শকপূর্ণ। মাঠের বাইরে উপস্থিত অনেক অভিভাবক ও ভক্তদের মতে, বর্তমান প্রজন্মের শিশু-কিশোরদের জন্য এটি এমন এক পথ তৈরি করল, যা ভবিষ্যতে নারীদের পেশাদার বেসবলকে আরও শক্তিশালী ও জনপ্রিয় করবে।