ঢাকাMonday , 10 August 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

কক্সবাজার ও চট্টগ্রামে প্রধানমন্ত্রী তারেক রহমান, পরিদর্শন করবেন বন্যাদুর্গত এলাকা

Truth Post
August 9, 2026 2:00 pm
Link Copied!

বাংলাদেশের কক্সবাজারের মহেশখালীর পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৯ আগস্ট) সকাল সোয়া ৯টায় তাকে বহনকারী হেলিকপ্টারটি ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে ছেড়ে যায়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন। দেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প পরিদর্শন এবং বন্যাদুর্গত এলাকায় ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম তদারকির উদ্দেশ্যে এই সফর করছেন প্রধানমন্ত্রী।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী মহেশখালীর মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লাবিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম পরিদর্শন করবেন। এরপর তিনি চট্টগ্রামের বন্যাকবলিত বাঁশখালী ও হাটহাজারী এলাকায় যাবেন। সেখানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে নতুন ঘর প্রদান কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

আজ সকাল সাড়ে ১০টায় মহেশখালীর মাতারবাড়ীতে উন্নয়ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শনের পর দুপুর সাড়ে ১২টায় বাঁশখালী উচ্চবিদ্যালয় ও কলেজ মাঠে পুনর্বাসন অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এরপর দুপুর ২টায় ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলম বাবুনগর মাদরাসায় শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।

বিকেলের কর্মসূচির মধ্যে রয়েছে হাটহাজারীর আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদরাসায় আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত এবং বিকেল ৫টায় হাটহাজারী সরকারি কলেজ মাঠে বন্যাদুর্গতদের মাঝে সহায়তা প্রদান। সন্ধ্যায় চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলে একটি সাংগঠনিক সভায় অংশ নেবেন তিনি।

সফরের বিষয়ে অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী ঢাকা থেকে মহেশখালী পর্যন্ত হেলিকপ্টারে এবং ফটিকছড়ি থেকে চট্টগ্রাম পর্যন্ত সড়কপথে যাতায়াত করবেন। সব আনুষ্ঠানিকতা শেষে রাত সাড়ে ৯টায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তার ঢাকায় ফেরার কথা রয়েছে। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান প্রথমবারের মতো মহেশখালী, ফটিকছড়ি ও হাটহাজারীতে সফর করছেন।