যুক্তরাজ্যের লিডসের হেডিংলিতে দ্য হান্ড্রেড টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ ম্যাচে ওয়েলশ ফায়ারকে ছয় উইকেটে হারিয়েছে সানরাইজার্স লিডস। এই জয়ের মাধ্যমে নকআউট পর্বে খেলার আশা বাঁচিয়ে রেখেছে সানরাইজার্স, অন্যদিকে এই পরাজয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে ওয়েলশ ফায়ারের। ম্যাচটিতে ২৫ বলে ৫৫ রানের দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন সানরাইজার্সের ব্যাটার ফিবি লিচফিল্ড।
ম্যাচ জয়ের জন্য ১২২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ফিবি লিচফিল্ডের ব্যাটিং তোপে সহজ জয় পায় সানরাইজার্স। তিনি ছয়টি চার ও তিনটি ছয়ের সাহায্যে এই ইনিংসটি খেলেন। তার বিদায়ের পর অ্যানাবেল সাদারল্যান্ড ২৮ রান করে দলকে জয়ের পথে রাখেন। শেষ পর্যন্ত ২৬ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় সানরাইজার্স। লিচফিল্ড জানান, দলের বোলিং ভালো হওয়ায় তিনি চাপমুক্ত হয়ে খেলতে পেরেছেন।
টস হেরে আগে ব্যাট করতে নেমে সানরাইজার্সের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১২১ রানেই আটকে যায় ওয়েলশ ফায়ার। দলের পক্ষে সর্বোচ্চ অপরাজিত ৭২ রান করেন ফ্রাইয়া কেম্প। তবে ফিল্ডিংয়ে কিছু ভুল করায় সানরাইজার্সের খেলোয়াড়রা তাকে তিনবার জীবন দেন। সানরাইজার্সের হয়ে দীপ্তি শর্মা ১৩ রানে ৩টি এবং হান্নাহ বেকার ১৫ রানে ২ উইকেট শিকার করেন।
পয়েন্ট টেবিলে সানরাইজার্স এখন চার নম্বরে রয়েছে। আগামী মঙ্গলবার ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার সুপার জায়ান্টসের মুখোমুখি হবে তারা। এই ম্যাচটি জিতলে সানরাইজার্সের এলিমিনেটর পর্বে খেলার সুযোগ তৈরি হবে।