সৌদি আরবের রিয়াদ শহরের মুসা সানাইয়া এলাকায় একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নাটোরের নলডাঙ্গা উপজেলার তিনজন প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান খাঁন এই তথ্য নিশ্চিত করেছেন। বিদেশ বিভুঁইয়ে স্বজনদের এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং পরিবারের সদস্যরা মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।
নিহতরা হলেন নলডাঙ্গা উপজেলার দীঘিরপাড় গ্রামের মো. শামীম হোসেন (৩৫), শ্রীপুর পাড়ার মো. সাব্বির আহমেদ শুভ (৩০) এবং মহিশডাঙ্গা গ্রামের মো. রবিউল আউয়াল হৃদয় (২৫)। রোববার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টার দিকে রিয়াদের মুসাসা এলাকার ওই কারখানায় আগুন লাগলে তারা ভেতরে আটকা পড়ে মারা যান।
খাজুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সোহরাব হোসেন জানান, দারিদ্র্য দূর করার আশায় কয়েক বছর আগে তারা সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন। নিহত সাব্বির ভিডিও কলে বিয়ে করলেও স্ত্রীর সঙ্গে সরাসরি দেখা করার সুযোগ পাননি। এছাড়া শামীমের ৩৪ দিন বয়সী একটি সন্তান রয়েছে, যাকে সে জীবিত অবস্থায় দেখে যেতে পারেনি। বিদেশ যাওয়ার খরচ জোগাতে গিয়ে তারা ঋণগ্রস্ত ছিলেন, যা এখন পরিবারের জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এর আগে চার বছর আগেও একই গ্রামে চার যুবক সৌদি আরবে একই ধরণের দুর্ঘটনায় নিহত হয়েছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান খাঁন জানান, জেলা প্রশাসনসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ঘটনাটি জানানো হয়েছে। সোমবার সকালে প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানানো হবে। মরদেহগুলো দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় কূটনৈতিক ও আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে এবং সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।