বাংলাদেশের ঢাকার উত্তরায় রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে গ্রাহকদের সাথে যোগাযোগ ব্যবস্থা উন্নত ও কার্যকর করার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। এই অংশীদারিত্বের মাধ্যমে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে রূপায়ণ সিটির বাসিন্দাদের কাছে তথ্য ও প্রয়োজনীয় আপডেট দ্রুত পৌঁছানো সম্ভব হবে, যা প্রতিষ্ঠানটির গ্রাহক সেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলালিংকের পক্ষে উপস্থিত ছিলেন লার্জ কর্পোরেট ডাইরেক্টর রুবাইয়াত আলম তানজিন, বিজনেস সলিউশন ডাইরেক্টর মোহাম্মদ আসাদুজ্জামান এবং হেড অফ বিজনেস সলিউশন নাফিজ আহমেদ সায়ীদ। রূপায়ণ সিটি উত্তরার পক্ষে উপস্থিত ছিলেন সিইও ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আহসান হাবিব (অবঃ) এবং হেড অব মার্কেটিং খোরশেদ আলম পলেন।
অংশীদারিত্বের বিষয়ে রূপায়ণ সিটি উত্তরার সিইও ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আহসান হাবিব (অবঃ) বলেন, বাংলাদেশের প্রথম প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি হিসেবে তারা সবসময় বাসিন্দাদের নতুন সুবিধা প্রদানের চেষ্টা করেন। বাংলালিংকের প্রযুক্তিগত সহায়তায় গ্রাহকদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা ও তাদের অভিজ্ঞতাকে আরও আধুনিক ও উন্নত করাই এই চুক্তির মূল উদ্দেশ্য।
কর্তৃপক্ষ জানায়, এই সমঝোতা শুধুমাত্র যোগাযোগ রক্ষার মাধ্যম নয়, বরং গ্রাহকদের সাথে দীর্ঘমেয়াদী শক্তিশালী সম্পর্ক তৈরিতে একটি কার্যকর পদক্ষেপ হিসেবে কাজ করবে।