বাংলাদেশের ঢাকায় তরুণদের কর্মসংস্থান সৃষ্টি এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সমন্বয় করতে ‘জব ফেয়ার ২০২৬’ আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশ ও জিআইজেডের সহযোগিতায় আয়োজিত এই মেলা তরুণ চাকরিপ্রত্যাশী এবং নিয়োগদাতাদের সরাসরি যোগাযোগের সুযোগ করে দিয়েছে, যা দেশের দক্ষ জনশক্তি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. মোঃ আবদুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক ড. মোহাম্মদ জাকারিয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিসেফ বাংলাদেশের শিক্ষা কর্মকর্তা মো. মোস্তফা কামাল এবং জিআইজেডের অ্যাডভান্টেজ প্রজেক্টের উপদেষ্টা এইচ. এম. আসাদ উজ জামান।
চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ মানবসম্পদ ও প্রযুক্তিগত জ্ঞানের প্রয়োজনীয়তার ওপর জোর দেন প্রধান অতিথি ড. মোহাম্মদ জাকারিয়া। তিনি ঝরে পড়া তরুণদের কারিগরি শিক্ষার মাধ্যমে শোভন কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার জন্য ইউসেপ বাংলাদেশের এই উদ্যোগের প্রশংসা করেন।
অনুষ্ঠানে ড. মোঃ আবদুল করিম বলেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে দক্ষ জনবল তৈরির কোনো বিকল্প নেই। তিনি শিল্পপ্রতিষ্ঠান ও প্রশিক্ষণ প্রদানকারী সংস্থাগুলোর মধ্যে অংশীদারিত্ব আরও জোরদার করার আহ্বান জানান।
এবারের মেলায় প্রাণ, আরএফএল, ওয়ালটন, হাতিল ও এসিআইসহ দেশের ১৭টি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান অংশ নেয়। মেলার অন্যতম আকর্ষণ ছিল ‘ওয়াক-ইন ইন্টারভিউ’, যার মাধ্যমে অনেক চাকরিপ্রত্যাশী সরাসরি সাক্ষাৎকারের সুযোগ পেয়েছেন। এই ধরনের আয়োজন তরুণদের কর্মসংস্থানের পথ প্রশস্ত করার পাশাপাশি শিল্পখাতের দক্ষ শ্রমিকের চাহিদা পূরণেও সহায়তা করবে বলে মনে করছেন আয়োজকরা।