বাংলাদেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমে আসায় ক্রেতাদের সুবিধার্থে নতুন এই দাম নির্ধারণ করা হয়েছে বলে সংগঠনটি জানিয়েছে। এই পদক্ষেপের ফলে টানা তৃতীয় দফায় দেশের বাজারে স্বর্ণের দাম কমলো।
নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৯৯ টাকা কমিয়ে ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৮০৭ টাকা কমিয়ে ১ লাখ ৯০ হাজার ১২৩ টাকা করা হয়েছে। সনাতন পদ্ধতির স্বর্ণের ক্ষেত্রে প্রতি ভরিতে ১ হাজার ৫১৬ টাকা কমিয়ে ১ লাখ ৫৫ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারা দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই নতুন দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কারের নকশা অনুযায়ী মজুরি আলাদাভাবে প্রযোজ্য হবে।
গ্রাহকদের উদ্দেশ্যে বাজুস জানিয়েছে, স্বর্ণ ও রৌপ্যালঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট আগে থেকেই যুক্ত থাকে, তাই গ্রাহকের কাছ থেকে নতুন করে কোনো ভ্যাট আদায় করা যাবে না। এছাড়া অলঙ্কার এক্সচেঞ্জ ও কেনার ক্ষেত্রে পূর্বের নিয়মই বহাল থাকবে। এর আগে ৬ ও ৯ সেপ্টেম্বর দেশে স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস।