হংকং ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির গবেষকরা মঙ্গল গ্রহে বসবাসের উপযোগী ঘর তৈরির একটি নতুন পদ্ধতির সন্ধান পেয়েছেন, যেখানে জিলাটিন এবং ইস্টের মতো সাধারণ উপাদান ব্যবহার করে মঙ্গল গ্রহের বালু দিয়ে শক্ত অবকাঠামো তৈরি করা সম্ভব। বিজ্ঞান সাময়িকী কেম সার্কুলারিটিতে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে গবেষকরা জানিয়েছেন, মঙ্গলের শীতল ও কম বায়ুচাপের পরিবেশে এই বিশেষ মিশ্রণটি খুব দ্রুত জমে শক্ত ফোমের মতো কংক্রিটের কাঠামো তৈরি করে।
প্রধান গবেষক জিশেন কিউ জানিয়েছেন, ফ্রাই-ড্রাইড বা হিমায়িত ফলের কাঠিন্য থেকে অনুপ্রাণিত হয়ে তারা এই পদ্ধতি নিয়ে কাজ শুরু করেছেন। এই প্রক্রিয়ায় উৎপাদিত কংক্রিটের শক্তি ১০ থেকে ১২ মেগাপাস্কাল, যা পৃথিবীতে ব্যবহৃত সাধারণমানের কংক্রিটের সমান। পৃথিবী ও মঙ্গল গ্রহের মাধ্যাকর্ষণের পার্থক্যের কারণে এই শক্তি মঙ্গল গ্রহে এক বা দোতলা ভবন নির্মাণের জন্য যথেষ্ট।
এই পদ্ধতিতে ব্যবহৃত জিলাটিন সাধারণত খাবার জেলি তৈরিতে ব্যবহৃত জিলাটিনের মতোই। এর সঙ্গে যুক্ত করা হয়েছে বিশেষ প্রোটিনযুক্ত ইস্ট এবং মঙ্গলের ধূলিকণা ও পানি। মঙ্গলের প্রচণ্ড ঠান্ডায় এই উপাদানগুলো খুব দ্রুত জমে কঠিন পদার্থে রূপান্তরিত হয়। তবে এই প্রক্রিয়াটি কার্যকর রাখতে ত্রিমাত্রিক বা থ্রিডি প্রিন্টিং প্রযুক্তির সাহায্য নিতে হবে।
গবেষকরা ইতিমধ্যে মঙ্গলের অনুকূল পরিবেশে ছোট মৌচাক আকৃতির কাঠামো তৈরি করে পরীক্ষা করেছেন। তাদের মতে, এটি বড় পরিসরেও নির্মাণ করা সম্ভব। একবার ব্যবহৃত হওয়ার পর সেই ঘর ভেঙে আবার নতুন করে কাজে লাগানো সম্ভব, যা মঙ্গলে মানব বসতি স্থাপনে এক নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে।