ভারতের দিল্লিতে দুলীপ ট্রফির ফাইনাল শেষে মোহাম্মদ শামির জাতীয় দলে অনিয়মিত হওয়া প্রসঙ্গে কথা বলেছেন সৌরভ গাঙ্গুলি। অভিজ্ঞ এই পেসারকে দল থেকে ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করা হচ্ছে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক। দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে থাকা সত্ত্বেও ঘরোয়া ক্রিকেটে শামির ধারাবাহিক পারফরম্যান্সের প্রশংসা করেছেন তিনি।
শামি ২০২৩ সালের শুরু থেকে টেস্ট দলে এবং ২০২৫ সালের মার্চের চ্যাম্পিয়নস ট্রফির পর থেকে সাদা বলের ক্রিকেটে জাতীয় দলের বাইরে রয়েছেন। শামিকে দলের বাইরে রাখা নিয়ে নির্বাচকদের সমালোচনা থাকলেও গাঙ্গুলি মনে করেন, এটি পেশাদার ক্রিকেটেরই একটি অংশ।
গাঙ্গুলি বলেন, শামি একজন চ্যাম্পিয়ন ক্রিকেটার। তিনি যে প্রতিনিয়ত ঘরোয়া ক্রিকেটে ফিরে আসছেন এবং ভালো পারফর্ম করছেন, তা সত্যিই প্রশংসনীয়। নিজের ক্যারিয়ারের উদাহরণ টেনে তিনি বলেন, ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করার পরও তাকে এক বছর ওয়ানডে দলের বাইরে থাকতে হয়েছিল। তাই অভিজ্ঞ খেলোয়াড়দের ক্ষেত্রেও এমনটা হওয়া অস্বাভাবিক নয়।
২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে শামির অংশগ্রহণ নিয়ে জানতে চাওয়া হলে সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি সৌরভ গাঙ্গুলি। তিনি জানান, বিশ্বকাপ এখনো অনেক দূরে, তাই এখনই এ বিষয়ে কিছু বলা সম্ভব নয়।
এদিকে জাতীয় দলে জায়গা না পেলেও ঘরোয়া ক্রিকেটে শামির ফর্ম দুর্দান্ত। রঞ্জি ট্রফিতে ১৭ গড়ে ৩৭ উইকেট নেওয়ার পাশাপাশি বিজয় হাজারে ট্রফিতে তিনি ১৫টি উইকেট শিকার করেছেন। এছাড়া সৈয়দ মুশতাক আলি ট্রফি ও দুলীপ ট্রফিতেও তার অংশগ্রহণ অব্যাহত রয়েছে। নির্বাচকদের উপেক্ষা নিয়ে মাথা না ঘামিয়ে শামি বর্তমানে মাঠের পারফরম্যান্সের দিকেই বেশি মনোযোগী বলে মনে করছেন ক্রিকেট সংশ্লিষ্টরা।