ঢাকাWednesday , 12 August 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

শক্তিশালী জনসম্পৃক্ততা বাংলাদেশ-আসিয়ান সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়েছে: প্রাণিসম্পদমন্ত্রী


August 11, 2026 7:15 am
Link Copied!

বাংলাদেশের রাজধানী ঢাকার গুলশানে আয়োজিত আসিয়ানের ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, শক্তিশালী জনসম্পৃক্ততা এবং বাণিজ্যিক সম্পর্ক বাংলাদেশ ও আসিয়ানভুক্ত দেশগুলোর মধ্যকার বন্ধনকে আরও গভীর করেছে। সোমবার রাতে রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলে আসিয়ান ঢাকা কমিটি (এডিসি) আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি। প্রতিবেশী দেশগুলোর সাথে ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক জোরদার এবং পারস্পরিক স্বার্থে এ সম্পর্ককে উচ্চতর পর্যায়ে নিয়ে যাওয়াই সরকারের লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।

মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার আসিয়ান সদস্যরাষ্ট্রগুলোর সাথে সম্পর্ককে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এরই অংশ হিসেবে প্রধানমন্ত্রীর প্রথম রাষ্ট্রীয় সফরের গন্তব্য ছিল মালয়েশিয়া, যা আঞ্চলিক সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে। বর্তমানে বাংলাদেশ আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার (এসডিপি) হওয়ার জন্য আনুষ্ঠানিক আবেদন জানিয়েছে।

মন্ত্রণালয়ের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে মন্ত্রী জানান, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে দশ লাখ মার্কিন ডলার বাজেটের ‘বাংলাদেশ-আসিয়ান কো-অপারেশন প্রজেক্ট অন ফিশারিজ অ্যান্ড অ্যাকুয়াকালচার’ বাস্তবায়িত হচ্ছে। এর বাইরে পর্যটন, আইসিটি এবং সংস্কৃতি খাতেও সহযোগিতা বৃদ্ধির প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে, আনুষ্ঠানিকভাবে আসিয়ান পরিবারের সাথে যুক্ত হতে পারলে দুই পক্ষের সম্পর্ক আরও বহুমাত্রিক হবে।

অনুষ্ঠানে আসিয়ান ঢাকা কমিটির চেয়ার ও মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওসমান, ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পাদিলা কেইংলেটসহ সংশ্লিষ্ট দেশগুলোর কূটনীতিক, সরকারি কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটিতে বাংলাদেশের জিআই পণ্য ‘ব্ল্যাক বেঙ্গল গোট’ এবং কালোজিরা চালের বিরিয়ানি পরিবেশন করা হয়, যা বাংলাদেশের কৃষি ও খাদ্য ঐতিহ্যের পরিচয় তুলে ধরেছে।