ঢাকাTuesday , 11 August 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

সামরিক সক্ষমতা বাড়াতে ৫০ কোটি ডলারে রেজোনেন্ট সায়েন্সেস কিনছে জবি এভিয়েশন


August 11, 2026 6:15 pm
Link Copied!

যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ডেটনভিত্তিক প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান রেজোনেন্ট সায়েন্সেসকে ৫০ কোটি ডলারে কিনে নিচ্ছে বৈদ্যুতিক উড়োজাহাজ (eVTOL) নির্মাতা প্রতিষ্ঠান জবি এভিয়েশন। প্রতিরক্ষা খাতে নিজেদের অবস্থান শক্তিশালী করতে এবং সামরিক শিল্পের সাথে যুক্ত হওয়ার লক্ষ্যেই প্রতিষ্ঠানটি এই বড় বিনিয়োগ করেছে। জবি কর্তৃপক্ষ জানিয়েছে, চুক্তির ৪৫০ মিলিয়ন ডলার নগদ এবং ৫০ মিলিয়ন ডলার ইক্যুইটির মাধ্যমে পরিশোধ করা হবে।

প্রক্রিয়াটি ২০২৭ সালের শুরুর দিকে সম্পন্ন হওয়ার আশা করা হচ্ছে। চুক্তিটি চূড়ান্ত হওয়ার পর রেজোনেন্ট সায়েন্সেস জবির ডেডিকেটেড প্রতিরক্ষা শাখা হিসেবে তাদের কার্যক্রম চালিয়ে যাবে। তবে জবির বাণিজ্যিক শাখাটি এয়ার ট্যাক্সি তৈরির মূল লক্ষ্যেই অটল থাকবে, যার প্রথম বাণিজ্যিক যাত্রা চলতি বছরের শেষভাগে শুরু হওয়ার কথা রয়েছে।

বর্তমানে বৈদ্যুতিক উড়োজাহাজ শিল্পের বাণিজ্যিক এয়ার ট্যাক্সি প্রকল্পগুলো উচ্চ খরচ এবং দীর্ঘমেয়াদী আইনি অনুমোদনের জটিলতায় আটকে আছে। ফলে জবিসহ এই খাতের অনেক কোম্পানি সামরিক চুক্তির দিকে ঝুঁকছে, যা নতুন আয়ের উৎস হিসেবে কাজ করবে।

২০১৫ সালে প্রতিষ্ঠিত রেজোনেন্ট সায়েন্সেস আড়াইশ কর্মীর একটি প্রতিষ্ঠান। তারা মূলত যুদ্ধক্ষেত্রে জটিল পরিবেশের মধ্যে উড়োজাহাজের যোগাযোগ ব্যবস্থা, সেন্সর এবং সিগন্যাল প্রসেসিং প্রযুক্তির উন্নয়নে কাজ করে। এছাড়া শত্রুপক্ষের রাডারে সহজে শনাক্ত না হওয়ার মতো স্টিলথ প্রযুক্তিতেও তাদের বিশেষ দক্ষতা রয়েছে।

জবি জানিয়েছে, এই অধিগ্রহণের ফলে জবির নিজস্ব প্রপালশন ও স্বয়ংক্রিয় প্রযুক্তির সাথে রেজোনেন্টের রেডিও ফ্রিকোয়েন্সি ও মিশন সিস্টেম যুক্ত হবে। এর মাধ্যমে কোম্পানিটি ভবিষ্যতে স্টিলথ বিমান নকশা ও তৈরির সক্ষমতা অর্জন করতে চায়।

জবির সামরিক খাতে যুক্ত হওয়ার ইতিহাস বেশ পুরনো। ২০১৬ সাল থেকে তারা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের সাথে কাজ করছে। ২০২০ সালে প্রথম ইভিটিওএল নির্মাতা হিসেবে জবি মার্কিন বিমান বাহিনীর কাছ থেকে ফ্লাইট ছাড়পত্র পায়। সবশেষ ২০২৩ সালে তারা পরীক্ষার জন্য এডওয়ার্ডস বিমান ঘাঁটিতে তাদের প্রথম উড়োজাহাজ সরবরাহ করে।