যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যের অলভ গার্ডেন রেস্তোরাঁর আজীবন পাস্তা খাওয়ার বিশেষ সুযোগ বা ‘লাইফটাইম পাস্তা পাস’ পেয়েছেন ব্র্যাডেন সিনক্লেয়ার। বিশ্বের মাত্র ৫০ জন ব্যক্তি এই বিশেষ সুবিধার অধিকারী, যার মাধ্যমে তিনি যেকোনো সময় বিনামূল্যে পাস্তা, ব্রেডস্টিক ও সালাদ উপভোগ করতে পারেন। নিজের এই দীর্ঘদিনের অভিজ্ঞতা ও খাবারের তথ্য বিশ্লেষণের জন্য তিনি লাইফটাইমপাস্তাপাস ডটকম নামে একটি ওয়েবসাইট চালু করেছেন, যা তাকে অনলাইনে বেশ জনপ্রিয়তা দিয়েছে।
সিনক্লেয়ার ২০১৯ সালে এই বিশেষ পাসটি জেতেন। সে সময় অলভ গার্ডেন কর্তৃপক্ষ একটি প্রচারণায় প্রথম ৫০ জন ক্রেতাকে অতিরিক্ত ৪০০ ডলারের বিনিময়ে আজীবন পাস্তা পাসের সুযোগ দিয়েছিল। নিজের এই সৌভাগ্যকে তিনি অনেক সময় অলৌকিক বলেও অভিহিত করেছেন। রেস্তোরাঁটিতে নিয়মিত যাওয়ার সুবাদে তিনি এখন পর্যন্ত ১৫২ বাটি পাস্তা খেয়েছেন এবং ১ লাখ ৫৪ হাজার ৮১৭ ক্যালরি গ্রহণ করেছেন।
তার ওয়েবসাইটের মাধ্যমে অনুসারীরা ভোট দিয়ে ঠিক করে দেন পরবর্তীবার তিনি কী খাবেন। সিনক্লেয়ার জানান, তিনি মূলত খাবারের ভিন্নতা আনতেই এই উদ্যোগ নিয়েছেন। একই সঙ্গে তিনি রেস্তোরাঁ কর্মীদের সঙ্গে সৌজন্য বজায় রেখে একজন দায়িত্বশীল গ্রাহক হিসেবে নিজেকে তুলে ধরার চেষ্টা করেন।
৩৩ বছর বয়সী দুই সন্তানের বাবা সিনক্লেয়ার অলভ গার্ডেনের একজন বড় ভক্ত। তিনি এমনকি রেস্তোরাঁটির চিজ গ্রেটারের একটি ট্যাটুও নিজের শরীরে এঁকেছেন। তবে এই বিশেষ সুবিধা পাওয়ার পরও তিনি পরিমিত আহার করেন এবং নিজের খাদ্যাভ্যাসের দিকে নজর রাখেন। পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি ভবিষ্যতে তার সন্তানদেরও এই রেস্তোরাঁয় নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার।