বাংলাদেশের রাঙ্গামাটির লংগদুতে বাংলাদেশ সেনাবাহিনীর লংগদু জোনের বিশেষ ব্যবস্থাপনায় ৮১ জন সুবিধাবঞ্চিত পাহাড়ি-বাঙালি চক্ষু রোগীর বিনামূল্যে অস্ত্রোপচারের উদ্যোগ নেওয়া হয়েছে। লংগদু জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ, এসপিপি, পিএসসি জানান, দুর্গম এলাকার অসহায় মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এবং দৃষ্টিশক্তিহীনদের আলো ফিরিয়ে দিতে এই মানবিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাহাড়ি অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর জন্য উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মঙ্গলবার সকাল ৭টা ২০ মিনিটে লংগদু জোন সদর দপ্তর থেকে শান্তি পরিবহনের দুটি বিশেষ বাসে করে রোগীদের চট্টগ্রামের বিশেষজ্ঞ হাসপাতালে পাঠানো হয়। এর আগে উপজেলার বিভিন্ন দুর্গম এলাকা থেকে বাছাইকৃত ৪১ জন নারী ও ৪০ জন পুরুষ রোগীকে এই চিকিৎসার আওতায় আনা হয়েছে। রোগীদের যাত্রা থেকে শুরু করে হাসপাতালে ভর্তি ও চিকিৎসা শেষ হওয়া পর্যন্ত নিরাপত্তা ও সার্বিক তত্ত্বাবধানে ল্যান্স কর্পোরাল রাকিব এবং মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সৈনিক আল আমিনের নেতৃত্বাধীন একটি দল দায়িত্ব পালন করছে।
স্থানীয় বাসিন্দারা জানান, আর্থিক সংকটের কারণে অনেক রোগী শহরে গিয়ে ব্যয়বহুল চক্ষু চিকিৎসা নিতে পারেন না। সেনাবাহিনীর নিজস্ব ব্যবস্থাপনা ও খরচে এই সেবা তাদের জন্য বড় সুযোগ হিসেবে দেখা দিয়েছে।
এ বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ বলেন, নিরাপত্তা রক্ষার পাশাপাশি দুর্গম এলাকার মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করা সেনাবাহিনীর সামাজিক দায়বদ্ধতার অংশ। সঠিক সময়ে চিকিৎসার অভাবে অনেকেই দৃষ্টিশক্তি হারানোর ঝুঁকিতে ছিলেন। তিনি আরও জানান, পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও জনগণের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।