স্পেনের মাদ্রিদে সান্তিয়াগো বার্নাব্যুতে রায়ো ভায়েকানোকে ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে জয়ে ফিরেছে রিয়াল মাদ্রিদ। দলের এই জয়ে কিলিয়ান এমবাপ্পে জোড়া গোল করেছেন এবং গোল পেয়েছেন আলভারো কারেরাস ও জুড বেলিংহাম। এই জয়ের ফলে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সমান পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে রিয়াল।
ম্যাচের শুরু থেকেই রিয়াল মাদ্রিদ প্রতিপক্ষকে চাপে রাখে। ১৪তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন কিলিয়ান এমবাপ্পে। এর তিন মিনিট পরেই আলভারো কারেরাস গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। প্রথমার্ধের ৩৫তম মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের পাসে স্কোরলাইন ৩-০ করেন জুড বেলিংহাম।
দ্বিতীয়ার্ধের ৫১তম মিনিটে রায়ো ভায়েকানোর সার্জিও কামেলো একটি গোল পরিশোধ করেন। তবে ম্যাচের অতিরিক্ত সময়ে আরদা গুলেরের সহায়তায় নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন এমবাপ্পে। চলতি লা লিগায় এটি এমবাপ্পের ষষ্ঠ গোল।
এই জয়ে ঘরের মাঠে রায়ো ভায়েকানোর বিপক্ষে গত ১৫ ম্যাচের ১৪টিতেই জয় নিশ্চিত করলো লস ব্লাঙ্কোসরা। ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন জুড বেলিংহাম।