যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার উইন্ডসর শহরের সাবেক মেয়র ডমিনিক ফোপোলিকে সাত নারীকে যৌন নির্যাতনের দায়ে দোষী সাব্যস্ত করেছেন আদালত। শুক্রবার ক্যালিফোর্নিয়ার একটি জুরি বোর্ড এই রায় প্রদান করে। ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত উইন্ডসরের মেয়রের দায়িত্ব পালন করা ফোপোলিকে ভুক্তভোগী নারীদের মোট ১ কোটি ৩০ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই রায়কে ভুক্তভোগীদের দীর্ঘ প্রতীক্ষিত ন্যায়বিচারের অংশ হিসেবে দেখা হচ্ছে।
মামলার নথি অনুযায়ী, ২০০১ থেকে ২০২০ সালের মধ্যে এই নির্যাতনের ঘটনাগুলো ঘটে। জুরির আদেশে প্রতিটি ভুক্তভোগীকে ৬ হাজার ডলার থেকে শুরু করে সর্বোচ্চ ৪৬ লাখ ৫০ হাজার ৯৩৮ ডলার পর্যন্ত প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী মঙ্গলবার এই দেওয়ানি মামলার দ্বিতীয় ধাপের শুনানি শুরু হবে, যেখানে ফোপোলিকে শাস্তিমূলক জরিমানা বা পিউনিটিভ ড্যামেজ প্রদানের বিষয়টি নির্ধারণ করা হবে।
ফোপোলি অবশ্য সব অভিযোগ অস্বীকার করে আসছেন এবং তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা দায়ের করা হয়নি। ২০২১ সালের মে মাসে চার নারী তার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ আনলে তিনি মেয়রের পদ থেকে পদত্যাগ করেন। আদালতে সাক্ষ্য দেওয়ার সময় তিনি নিজেকে নির্দোষ দাবি করেন। তার আইনজীবী অ্যান্ড্রু ওয়াটার্স জানিয়েছেন, তারা এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন অথবা পুনরায় বিচারের আবেদন জানাবেন।
উল্লেখ্য যে, ফোপোলির বিরুদ্ধে মোট ১৩ জন নারী যৌন নিপীড়নের অভিযোগ এনেছেন। এছাড়া সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ফারাহ আব্রাহামের দায়ের করা আরও একটি মামলা বিচারাধীন রয়েছে, যেখানে অভিযোগ করা হয়েছে যে ২০২১ সালে ফোপোলি তাকে ধর্ষণ করেছিলেন। আগামী বছর সেই মামলার বিচারের সম্ভাবনা রয়েছে।