বাংলাদেশের ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) প্রথম বর্ষের শিক্ষার্থী জাহিদুল ইসলাম সাইমন। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আইবিএ পরিচালক অধ্যাপক ড. শরিফুল ইসলাম। মেধাবী এই শিক্ষার্থীর অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।
অধ্যাপক ড. শরিফুল ইসলাম জানান, সাইমনের মৃত্যু মেনে নেওয়া অত্যন্ত কষ্টের। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ চট্টগ্রামের নিজ বাড়িতে নিয়ে যাওয়া হবে।
গত শনিবার রাতে ছাত্রাবাসে ঘুমের মধ্যে হঠাৎ বিছানা থেকে পড়ে যান সাইমন। সহপাঠীরা দ্রুত তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। শারীরিক অবস্থার দ্রুত অবনতি হওয়ায় তাকে হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়।
পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে রবিবার সকালে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ঢাকায় পাঠানো হয়েছিল। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় বুধবার তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।