বাংলাদেশের রাজধানী ঢাকার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠকে কৃষি পণ্যের রফতানি বৃদ্ধি ও আমদানিনির্ভরতা কমানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কমিটির সভাপতি মো. শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে মন্ত্রণালয়ের কার্যক্রম, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কৃষির উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক অগ্রগতি সম্ভব নয় বলে মন্তব্য করেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
বৈঠকে আদা, মরিচ, টমেটো ও পেঁয়াজের মতো কৃষিপণ্যের উৎপাদন বাড়িয়ে আমদানিনির্ভরতা কমানোর লক্ষ্যে আশাবাদ ব্যক্ত করা হয়। মাটি ও ফসলে কীটনাশকের অতিরিক্ত ব্যবহারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে রাসায়নিক সারের পরিবর্তে জৈব সারের ব্যবহার বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে। মাটির গুণগত মান রক্ষায় বর্তমান সরকারের উদ্যোগগুলো অব্যাহত রাখার বিষয়েও সভায় আলোচনা হয়।
সার ব্যবস্থাপনা ও ডিলার নিয়োগ
চলতি বছর কৃষক পর্যায়ে সারের সরবরাহ বৃদ্ধির তথ্য জানিয়ে মন্ত্রী বলেন, সার ডিলার নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করতে ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত নীতিমালা-২০২৬’ জারি করা হয়েছে। এছাড়া সার বিতরণ ব্যবস্থায় মনিটরিং আরও শক্তিশালী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ভবিষ্যৎ পরিকল্পনা ও উন্নয়ন
সভায় যশোরের গদখালীতে ফুল ও মৃত্তিকা গবেষণা কেন্দ্র স্থাপন, চরের জমিতে ভুট্টা ও বাদাম চাষ এবং পাহাড়ি এলাকায় তুলা উৎপাদনের ওপর আলোকপাত করা হয়। এছাড়া কৃষিতে সৌরবিদ্যুতের ব্যবহার বৃদ্ধি, কৃষকদের উন্নত প্রশিক্ষণের জন্য বিদেশে পাঠানোর সুযোগ তৈরি এবং পাটের ন্যায্যমূল্য নিশ্চিত ও পাটজাত পণ্য রফতানির বিষয়ে আলোচনা হয়েছে।
কমিটির সভাপতি মো. শাহাদাত হোসেন টেকসই ও পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। বৈঠকে কমিটির সদস্য মো. শহিদুল ইসলাম, মো. মোস্তাফিজুর রহমান, মো. রোকন উদ্দীন বাবুল, মো. মুজিবুর রহমান চৌধুরী, মোছা. সাবিরা সুলতানা, মো. গোলাম রছুল এবং মো. আব্দুল বারী সরদার উপস্থিত ছিলেন।