অস্ট্রেলিয়ায় সিডনি সিক্সার্সের হয়ে আসন্ন ডব্লিউবিবিএল ১২ (মহিলা বিগ ব্যাশ লিগ) আসরে খেলবেন ইংল্যান্ডের আন্তর্জাতিক ক্রিকেটার অ্যালিস ক্যাপসি। এই গুরুত্বপূর্ণ চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে সিডনি সিক্সার্স কর্তৃপক্ষ। তিনবারের চ্যাম্পিয়ন এই দলের ব্যাটিং লাইনআপকে আরও শক্তিশালী করতে ২২ বছর বয়সী এই তারকাকে দলে নেওয়া হয়েছে।
অ্যালিস ক্যাপসি বিশ্বের অন্যতম প্রতিভাবান তরুণ ক্রিকেটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ২০২২ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর তিনি ইংল্যান্ডের হয়ে ৯৫টি ম্যাচ খেলেছেন। এছাড়া চলতি বছর অনুষ্ঠিত আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে খেলা ইংল্যান্ড দলের অন্যতম সদস্য ছিলেন তিনি।
অস্ট্রেলিয়ার কন্ডিশনে খেলার বেশ অভিজ্ঞতা রয়েছে ক্যাপসির। এর আগে তিনি মেলবোর্ন স্টার্স ও মেলবোর্ন রেনিগেডসের হয়ে ডব্লিউবিবিএলে ৪৬টি ম্যাচ খেলেছেন। এছাড়া দিল্লি ক্যাপিটালস, বার্মিংহাম ফিনিক্স ও এমআই লন্ডনের মতো ফ্র্যাঞ্চাইজিগুলোতে খেলার অভিজ্ঞতা তার ব্যাটিং সামর্থ্যকে আরও সমৃদ্ধ করেছে। টি-টোয়েন্টি ফরম্যাটে ইংল্যান্ডের হয়ে তিনি ১,০৫৩ রান করেছেন, যার মধ্যে রয়েছে ছয়টি অর্ধশতক।
অ্যালিসা হিলির অবসরের পর সিডনি সিক্সার্সের মিডল অর্ডারে একজন নির্ভরযোগ্য ব্যাটারের অভাব ছিল। ক্যাপসির অন্তর্ভুক্তি সেই শূন্যস্থান পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে টিম ম্যানেজমেন্ট। সিডনি সিক্সার্সের জেনারেল ম্যানেজার র্যাচেল হেইন্স জানান, অল্প বয়সেই আন্তর্জাতিক ক্রিকেটে ক্যাপসির সাফল্য এবং ম্যাচ জেতানোর সক্ষমতা তাদের মুগ্ধ করেছে।
নতুন ক্লাবে যোগ দেওয়ার বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করে অ্যালিস ক্যাপসি বলেন, ডব্লিউবিবিএল বিশ্বের অন্যতম সেরা লিগ। এমন সমৃদ্ধ ইতিহাসের অধিকারী একটি ক্লাবের প্রতিনিধিত্ব করাটা আমার জন্য বিশেষ প্রাপ্তি। নতুন কোচ পিটার ক্লার্কের অধীনে খেলতে তিনি মুখিয়ে আছেন।