যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার মেরিওনে ইউএস অ্যামেচার চ্যাম্পিয়নশিপ জয়ের দুই দিনের মাথায় গ্রেট ব্রিটেন ও আয়ারল্যান্ডের (জিবিঅ্যান্ডআই) ওয়াকার কাপ স্কোয়াডে অন্তর্ভুক্ত হয়েছেন জ্যাক হোয়েলি। গত রবিবার ফাইনালে মার্কিন প্রতিপক্ষ জে লেং জুনিয়রকে ৪ ও ৩ ব্যবধানে হারিয়ে ১৯১১ সালের পর তৃতীয় ইংলিশ গলফার হিসেবে এই ট্রফি জিতেছেন তিনি। এই অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন দলের অধিনায়ক ডিন রবার্টসন।
২২ বছর বয়সী হোয়েলি ছাড়াও প্রথমবারের মতো জিবিঅ্যান্ডআই দলে সুযোগ পেয়েছেন বেন বোল্টন, স্যাম ইস্টারব্রুক ও জশ হিল। এছাড়া রাইডার কাপ তারকা ইয়ান পোল্টারের ছেলে লুক পোল্টার টানা দ্বিতীয়বারের মতো এই ১০ সদস্যের দলে জায়গা করে নিয়েছেন।
টুর্নামেন্ট সম্পর্কে অধিনায়ক ডিন রবার্টসন বলেন, আবারও গ্রেট ব্রিটেন ও আয়ারল্যান্ড দলের অধিনায়ক হওয়া সম্মানের বিষয়। এই দলে এমন খেলোয়াড়দের রাখা হয়েছে যারা আগে ওয়াকার কাপের অভিজ্ঞতা পেয়েছেন এবং যারা গত এক বছরে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে সুযোগ করে নিয়েছেন।
ওয়াকার কাপ হলো গ্রেট ব্রিটেন ও আয়ারল্যান্ড এবং যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় অ্যামেচার গলফারদের মধ্যকার একটি দ্বিবার্ষিক ম্যাচ। সাধারণত বিজোড় বছরগুলোতে এটি অনুষ্ঠিত হলেও এবার তা জোড় বছরের চক্রে নিয়ে আসা হয়েছে। আগামী ৫ ও ৬ সেপ্টেম্বর পশ্চিম আয়ারল্যান্ডের কাউন্টি ক্লেয়ারের লাহিঞ্চে এবারের টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।
২০১৫ সালের পর প্রথমবারের মতো এই শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবে জিবিঅ্যান্ডআই দল। আগের আসরে অর্থাৎ ২০২৫ সালে সাইপ্রাস পয়েন্টে আয়োজিত ৫০তম ওয়াকার কাপে ১৭-৯ পয়েন্টে জয়ী হয়েছিল যুক্তরাষ্ট্র। সব মিলিয়ে এখন পর্যন্ত অনুষ্ঠিত মোট ৫০টি আসরের মধ্যে ৪০টিতে জয়ী হয়েছে যুক্তরাষ্ট্র, যেখানে জিবিঅ্যান্ডআইয়ের জয় ৯টি এবং একটি ম্যাচ ড্র হয়েছে।
জিবিঅ্যান্ডআই দল: এলিয়ট বেকার, বেন বোল্টন, স্যাম ইস্টারব্রুক, কনর গ্রাহাম, স্টুয়ার্ট গ্রেহান, জশ হিল, লুক পোল্টার, নিয়াল শেইলস ডনেগান, টাইলার ওয়েভার এবং জ্যাক হোয়েলি। রিজার্ভ হিসেবে থাকছেন থমাস হিগিন্স ও ডেভিড হাওয়ার্ড।