যুক্তরাজ্যের ব্যাংকিং খাতের বাণিজ্য সংস্থা ইউকে ফাইন্যান্সের নতুন এক প্রতিবেদনে উঠে এসেছে যে, দেশটিতে নাগরিকরা ব্যাংক কার্ডের পরিবর্তে মোবাইল ফোনে অর্থ পরিশোধে বেশি আগ্রহী হয়ে উঠছেন। গত বছর দেশটির দুই-তৃতীয়াংশ প্রাপ্তবয়স্ক নাগরিক অন্তত একটি মোবাইল পেমেন্ট পরিষেবায় নিবন্ধিত ছিলেন।
ইউকে ফাইন্যান্সের গবেষণা প্রধান আদ্রিয়ান বাকল বলেন, সাম্প্রতিক তথ্য অনুযায়ী যুক্তরাজ্য এখন লেনদেনের ক্ষেত্রে একটি প্রধানত ডিজিটাল অর্থনীতিতে পরিণত হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ১৬ থেকে ৩৪ বছর বয়সী তরুণদের মধ্যে ৮০ শতাংশের বেশি নিয়মিত মোবাইল পেমেন্ট ব্যবহার করেন। অন্যদিকে ৬৫ বছরের বেশি বয়সীদের মধ্যে এই হার ২২ শতাংশ। তবে বয়স্কদের মধ্যেও ডিজিটাল লেনদেনের প্রবণতা বাড়ছে। বর্তমানে অধিকাংশ ব্যবহারকারী তাদের ডেবিট কার্ড ফোনে যুক্ত করে ফেস বা ফিঙ্গারপ্রিন্ট ভেরিফিকেশনের মাধ্যমে কন্টাক্টলেস লেনদেন করছেন।
নগদ অর্থের ভবিষ্যৎ
ডিজিটাল লেনদেন বাড়লেও নগদ টাকার ব্যবহার পুরোপুরি বন্ধ হচ্ছে না। গত বছর যুক্তরাজ্যের মোট লেনদেনের ৮ শতাংশ বা ৩ দশমিক ৯ বিলিয়ন লেনদেন হয়েছে নোট ও কয়েনের মাধ্যমে। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, ২০৩৫ সাল নাগাদ এই হার কমে ৪ শতাংশে নেমে আসবে।
লিংক-এর কর্মকর্তা নিক কুইন জানান, যদিও সবখানেই নগদ টাকা উত্তোলনের হার কমছে, তবুও লাখ লাখ মানুষ এখনো দৈনন্দিন খরচের জন্য নগদ অর্থের ওপর নির্ভরশীল। বিশেষ করে নিম্ন আয়ের মানুষেরা বাজেট নিয়ন্ত্রণে নগদ টাকার ওপরই ভরসা করেন। তাই সাধারণ মানুষের প্রয়োজন যতদিন থাকবে, ততদিন নগদ অর্থ ব্যবহারের সুযোগ রক্ষা করা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।