বাংলাদেশের মাগুরা শহরের কেশবমোড়ে অবস্থিত ক্রিকেটার সাকিব আল হাসানের বাসার সামনে রাষ্ট্র সংলাপ ফোরামের (এসডিএফ) সভাপতি আ ন ম আয়াসের কথিত বিতর্কিত আচরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। রোববার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। ভিডিওটি প্রকাশের পর বিভিন্ন মহলে এর তীব্র সমালোচনা শুরু হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, সাকিব আল হাসানের বাসার গেটের সামনে দাঁড়িয়ে এক ব্যক্তি প্রস্রাব করছেন। ওই ব্যক্তিকে সাকিবের উদ্দেশে কিছু বলতেও শোনা যাচ্ছে। স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে, ভিডিওতে থাকা ব্যক্তি এসডিএফ সভাপতি আ ন ম আয়াস। তবে ভিডিওটি কে ধারণ করেছেন বা কোথা থেকে প্রথম ছড়িয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের কবর জিয়ারত ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের জন্য ২০ সেপ্টেম্বর মাগুরায় যান আয়াস। বিভিন্ন কর্মসূচি শেষ করে রাতে সাকিবের বাসার সামনে গিয়ে তিনি এই কাণ্ড ঘটান বলে স্থানীয়দের দাবি।
এর আগে সাকিব আল হাসানসহ ৯০ জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে রাষ্ট্র সংলাপ ফোরামের পক্ষ থেকে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করা হয়েছিল। তবে বাসার সামনে ঘটা এই ঘটনার সঙ্গে ওই অভিযোগের কোনো সম্পর্ক আছে কি না, তা স্পষ্ট নয়। ভিডিওটি নিয়ে ব্যাপক আলোচনা চললেও এ বিষয়ে আ ন ম আয়াসের কোনো মন্তব্য পাওয়া যায়নি।