যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ভিত্তিক গেম নির্মাতা প্রতিষ্ঠান রায়ট গেমস তাদের লিগ অব লিজেন্ডস-ভিত্তিক ফ্রি-টু-প্লে ফাইটিং গেম টুএক্সকেও (2XKO)-এর উন্নয়ন কাজ বন্ধ করার ঘোষণা দিয়েছে। রায়ট কর্তৃপক্ষ জানিয়েছে, গেমটি প্রত্যাশা অনুযায়ী টেকসই হওয়ার মতো পর্যাপ্ত খেলোয়াড় ধরে রাখতে ব্যর্থ হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৬ সালের শেষ নাগাদ গেমটির সব ধরনের সক্রিয় উন্নয়ন কাজ শেষ করা হবে।
গেমটির ভবিষ্যৎ সম্পর্কে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০২৬ সালের পরেও গেমটির সার্ভার চালু থাকবে। তবে গেমের সকল চরিত্র উন্মুক্ত করে দেওয়া হবে এবং খেলোয়াড়দের ব্যয় করা অর্থ ফেরত বা রিফান্ড দেওয়ার প্রক্রিয়া শুরু করবে রায়ট।
কেন এই সিদ্ধান্ত
২০২৫ সালের অক্টোবরে পিসি ভার্সনে বেটা সংস্করণের মাধ্যমে যাত্রা শুরু করে টুএক্সকেও। পরবর্তীতে চলতি বছরের জানুয়ারিতে এটি পিএস৫ এবং এক্সবক্স সিরিজ এক্স/এস কনসোলে মুক্তি পায়। তবে মুক্তির অল্প সময়ের মধ্যেই গেমটিতে খেলোয়াড়দের অংশগ্রহণ আশানুরূপ না হওয়ায় রায়ট তাদের কর্মী ছাঁটাই শুরু করে।
প্রতিষ্ঠানটি তাদের পর্যবেক্ষণে দেখেছে যে, নতুন চরিত্র এবং প্রতিযোগিতামূলক ইভেন্ট চালু করার পরও গেমটির জনপ্রিয়তায় কোনো টেকসই পরিবর্তন আসেনি। গেমটি পরিচালনার খরচ এর আয়ের চেয়ে অনেক বেশি হওয়ায় উন্নয়ন চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে রায়ট।
লাইভ সার্ভিস গেমের চ্যালেঞ্জ
টুএক্সকেও সাম্প্রতিক সময়ে ব্যর্থ হওয়া লাইভ সার্ভিস গেমগুলোর একটি দীর্ঘ তালিকার সর্বশেষ সংযোজন। এর আগে সনি, রিমডি এন্টারটেইনমেন্ট এবং এপিক গেমসের মতো বড় প্রতিষ্ঠানগুলোও তাদের বিভিন্ন লাইভ সার্ভিস গেম নিয়ে একই ধরনের সংকটে পড়েছে। বাজারের বর্তমান প্রেক্ষাপটে বড় বাজেটের লাইভ সার্ভিস গেমগুলোর স্থায়িত্ব নিয়ে অনিশ্চয়তা আরও প্রকট হয়ে উঠেছে।