বাংলাদেশের ঢাকায় কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে বিদেশি বিনিয়োগ ত্বরান্বিত করার লক্ষ্যে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলন ও ইনভেস্টরস এক্সপোতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘ফিকি এফডিআই কনফারেন্স-২০২৬: ড্রাইভিং ফরেন ইনভেস্টমেন্ট ফর জবস অ্যান্ড প্রোসপারিটি ইন বাংলাদেশ’ শীর্ষক দিনব্যাপী এই আয়োজন শুরু হয়। উদ্বোধনের আগে প্রধানমন্ত্রী ইনভেস্টরস এক্সপো পরিদর্শন করেন এবং অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।
আয়োজক সংগঠন ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ফিকি) জানিয়েছে, বাংলাদেশ বর্তমানে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রস্তুতি নিচ্ছে। এই প্রেক্ষাপটে বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে নীতিনির্ধারক ও বিনিয়োগকারীদের মধ্যে কার্যকর সংলাপ এবং পারস্পরিক সহযোগিতা নিশ্চিত করতেই এই সম্মেলনের আয়োজন করা হয়েছে।
সম্মেলনে সরকার ও নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধি, কূটনীতিক, উন্নয়ন সহযোগী, বহুজাতিক কোম্পানির নির্বাহী কর্মকর্তা, বিনিয়োগকারী এবং ব্যবসায়ীদেরসহ দেশ-বিদেশের প্রায় ৬০০ প্রতিনিধি অংশ নিয়েছেন। আলোচনায় বাংলাদেশের বিনিয়োগ পরিবেশের উন্নয়ন, প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধি এবং ব্যবসা সহজীকরণের বিভিন্ন দিক গুরুত্ব পেয়েছে।
সম্মেলনে ‘ফিকি এফডিআই’ শীর্ষক একটি বিশেষ প্রতিবেদন উন্মোচন করা হয়। এই প্রতিবেদনে দেশের বিনিয়োগ পরিবেশ শক্তিশালী করা এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে বিভিন্ন পর্যবেক্ষণ ও সুপারিশ তুলে ধরা হয়েছে। একই সঙ্গে বহুজাতিক কোম্পানিগুলোর ব্যবসা পরিচালনায় বিদ্যমান চ্যালেঞ্জগুলো নিরসনে নীতিগত সংস্কারের ওপর জোর দেওয়া হয়।