পাকিস্তানের কারাকোরাম পর্বতমালায় অবস্থিত বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কে-টু জয় করেছেন প্রখ্যাত বাংলাদেশি পর্বতারোহী ওয়াসফিয়া নাজরীন। প্রথম বাংলাদেশি হিসেবে ৮,৬১১ মিটার (২৮,২৫১ ফুট) উচ্চতার এই দুর্গম শৃঙ্গটি জয়ের মাধ্যমে তিনি নতুন ইতিহাস গড়েছেন। বার্তা সংস্থা এএফপি’র তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার ভোরে তিনি চূড়ায় পৌঁছান।
পর্বতারোহীদের কাছে কে-টু ‘স্যাভেজ মাউন্টেন’ বা ‘নিষ্ঠুর পর্বত’ হিসেবে পরিচিত। ন্যাশনাল জিওগ্রাফিকের প্রতিবেদন অনুযায়ী, এটি বিশ্বের অন্যতম বিপজ্জনক পর্বত। এভারেস্টের মতো হেঁটে চূড়ায় ওঠার সুযোগ নেই এই পাহাড়ে; এর প্রতিটি দিকই অত্যন্ত খাড়া এবং নিয়মিত তুষারধস ও পাথর পড়ার ঘটনা ঘটে।
এর আগে ২০১২ সালে ওয়াসফিয়া বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেন। এছাড়া তিনি বিশ্বের সাতটি মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ জয় করার (সেভেন সামিটস) দুর্লভ কৃতিত্বের অধিকারী।
অভিযাত্রার আগে গত রোববার নিজের ফেসবুক পেজে ওয়াসফিয়া তার ভক্ত ও শুভানুধ্যায়ীদের কাছে দোয়া চেয়ে লিখেছিলেন, তিনি বিশ্বের অন্যতম সেরা একটি দলের সঙ্গে কে-টু জয়ের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। সব ঠিক থাকলে এক সপ্তাহের মধ্যে সুসংবাদ আসবে বলে তিনি জানিয়েছিলেন।
ওয়াসফিয়ার এই অভিযানে তার সঙ্গে ছিলেন বিশ্বের নামকরা পর্বতারোহী মিংমা তেনজি শেরপা, মিংমা ডেভিড শেরপা এবং নির্মল পুর্জা।
কে-টু শৃঙ্গে বাতাসের গতিবেগ ঘণ্টায় ২০০ কিলোমিটারেরও বেশি হতে পারে এবং তাপমাত্রা মাইনাস ৬০ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে। ১৯৫৪ সাল থেকে এ পর্যন্ত মাত্র ৪২৫ জন ব্যক্তি এই শৃঙ্গ জয় করতে পেরেছেন, যার মধ্যে নারী রয়েছেন মাত্র ২০ জনের মতো।