ঢাকাSunday , 23 August 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

কলকাতায় অগ্নিকাণ্ডে প্রাণ হারানো কুষ্টিয়ার সাংবাদিকসহ চারজনের মরদেহ দেশে ফেরা


August 23, 2026 7:15 am
Link Copied!

ভারতের কলকাতার একটি হোটেলে অগ্নিকাণ্ডে নিহত কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্ত, তার স্ত্রী আফসানা শারমীন, শিশুপুত্র স্বর্ণশীষ দত্ত ও শ্বশুর আকরাম হোসেনের মরদেহ শনিবার (২২ আগস্ট) বিকেলে বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে এসে পৌঁছায়। চিকিৎসার জন্য সপরিবারে ভারত গিয়েছিলেন এই সাংবাদিক। তাদের মর্মান্তিক মৃত্যুতে কুষ্টিয়ার সাংবাদিক সমাজসহ স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

বেঙ্গালুরুর নারায়ণা হাসপাতালে চিকিৎসা শেষে ফেরার পথে গত ১৯ আগস্ট ভোররাতে কলকাতার নিউমার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের শিখা ইন হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তাদের মৃত্যু হয়। ঘটনার পর বৃহস্পতিবার কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত সম্পন্ন হয়।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে দুটি অ্যাম্বুলেন্সে করে মরদেহগুলো কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়ায় পৌঁছায়। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে রাতে পারিবারিক সিদ্ধান্তে পৃথক ধর্মীয় রীতি অনুযায়ী তাদের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। সাংবাদিক দেবাশীষ দত্ত ও তার শিশুপুত্র স্বর্ণশীষকে কুষ্টিয়া মহাশ্মশানে সমাধিস্থ করা হয় এবং স্ত্রী আফসানা শারমীন ও শ্বশুর আকরাম হোসেনকে পৌর কবরস্থানে দাফন করা হয়।

কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আল-মামুন সাগরসহ স্থানীয় সাংবাদিক নেতারা এই ঘটনায় নিহতদের পরিবারকে সরকারিভাবে আর্থিক সহায়তা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন। সাংবাদিক দেবাশীষ দত্ত কুষ্টিয়ার দৈনিক আজকের আলো পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এবং আজকের পত্রিকা ও চ্যানেল নাইনের জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।