বাংলাদেশের সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিমপাড় টোলপ্লাজায় গোখাদ্যবাহী ট্রাকে তল্লাশি চালিয়ে ৪ কেজি ৩৩০ গ্রাম হেরোইন ও ৫৮ পিস নেশাজাতীয় অ্যাম্পুলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৪ আগস্ট) বিকেলে সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু জানান, উদ্ধারকৃত হেরোইনের বাজারমূল্য আনুমানিক চার কোটি টাকা। মাদক পাচার নিয়ন্ত্রণে এই অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
সোমবার ভোর রাত ১টার দিকে যমুনা সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলামের নেতৃত্বে ঢাকাগামী লেনে একটি অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী একটি ট্রাকে (ঢাকা-মেট্টা-ট-২৪-০৩৫৭) তল্লাশি চালিয়ে এই মাদকদ্রব্য উদ্ধার করা হয়। একইসঙ্গে ট্রাকটি জব্দ করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো চাঁপাইনবাবগঞ্জের সদর থানার রামভদ্রপুর গ্রামের আবু বক্কর (৪৪) এবং রাজশাহীর গোদাগাড়ী থানার সুলতানগঞ্জ বাজার এলাকার সোহাগ আলী (১৯)। পুলিশ জানিয়েছে, আবু বক্করের বিরুদ্ধে এর আগেও ঢাকার দারুস সালাম থানায় মাদক সংক্রান্ত মামলা রয়েছে।
ঘটনার পর যমুনা সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই চক্রের মূল হোতাদের শনাক্ত করার চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।