বাংলাদেশের রাজধানী ঢাকার তেজগাঁওয়ে নভো থিয়েটারে দুই দিনব্যাপী ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সব ধরনের বাধা অতিক্রম করে দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর হিসেবে গড়ে তুলতে সরকার সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা করছে। প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এটি একটি সম্মিলিত জাতীয় মিশন বলে মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রী জানান, দেশে সেমিকন্ডাক্টর ডিজাইন, ভেরিফিকেশন, এমবেডেড সিস্টেম ও পাওয়ার ইলেকট্রনিক্সের মতো খাতের যাত্রা শুরু হয়েছে এবং কয়েকটি প্রতিষ্ঠান আন্তর্জাতিক বাজারেও প্রবেশ করেছে। এ শিল্পের বিকাশে চলতি বাজেটে কাঁচামাল আমদানিতে সব ধরনের কর ও শুল্ক প্রত্যাহার করা হয়েছে। এছাড়াও সেমিকন্ডাক্টর ডিজাইন সেবার রপ্তানি আয়ের ওপর নগদ প্রণোদনা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।
স্টার্টআপ উদ্যোক্তাদের উৎসাহিত করার লক্ষ্যে সরকার প্রথমবারের মতো বছরে ৫০০ কোটি টাকার অনুদান তহবিল গঠন করেছে বলে জানান প্রধানমন্ত্রী। বিনিয়োগবান্ধব নীতি, কর-সুবিধা, বন্ড সুবিধা এবং বিশেষায়িত অবকাঠামো গড়ে তোলার মাধ্যমে এই খাতে ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি।
বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন এবং সিলিকন রিভার বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত এই সামিটে নীতিনির্ধারক, গবেষক, উদ্যোক্তা এবং দেশি-বিদেশি বিনিয়োগকারীরা অংশ নিয়েছেন। দুই দিনের এই আয়োজনে ১১টি প্লেনারি সেশন ও সাতটি প্যানেল আলোচনার পাশাপাশি ৩৫টি স্টলে সেমিকন্ডাক্টর, এআই ও রোবোটিক্সসহ বিভিন্ন ডিপ-টেক উদ্ভাবন প্রদর্শন করা হচ্ছে। এতে টেক্সাস ইনস্ট্রুমেন্টস ও পারডু বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞসহ গ্লোবালফাউন্ড্রিজ ও এনএক্সপির মতো প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।