বাংলাদেশের রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট বোমাসদৃশ বস্তু নিষ্ক্রিয় করার সময় বিস্ফোরণে মিরাজ আহমেদ (৩৩) নামের এক যুবক আহত হয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহত মিরাজ শিক্ষা মন্ত্রণালয়ের কর্মচারী। জনবহুল মেট্রোরেল স্টেশনের নিচে এই বিস্ফোরণের ঘটনা এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, ঘটনার সময় মিরাজ তার বন্ধুর সঙ্গে মেট্রো স্টেশনের নিচ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ বিস্ফোরণ ঘটলে মিরাজের চোখে স্প্লিন্টারের আঘাত লাগে। পরে তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। আহত মিরাজের গ্রামের বাড়ি টাঙ্গাইলের গোপালপুর উপজেলার বেড়াডাকুরি এলাকায় এবং তিনি আরামবাগ এলাকায় বসবাস করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, বিস্ফোরণে আহত অবস্থায় এক যুবক হাসপাতালে এসেছেন এবং তার চিকিৎসা চলছে।
ঘটনার বিবরণ দিয়ে মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুস সালাম জানান, রাত ৭টার দিকে মেট্রো স্টেশনের নিচে বোমা থাকার খবর পায় পুলিশ। এরপরই থানা পুলিশ ও সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। বোমাসদৃশ দুটি বস্তু নিষ্ক্রিয় করার সময় বিস্ফোরণটি ঘটে।