যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের গবেষকরা প্রাচীন আসিরীয় সাম্রাজ্যের ইতিহাস নিয়ে নতুন তথ্য উন্মোচন করেছেন। জার্নাল অফ কিউনিফর্ম স্টাডিজে প্রকাশিত এক গবেষণায় আলেকজান্ডার জোহানেস এডমন্ডস ও একার্ট ফ্রাম দাবি করেছেন, আসিরীয় কিং লিস্ট বা সরকারি রাজতালিকায় তিনজন রাজার নাম বাদ পড়েছে, যারা ২,৭০০ বছর ধরে অগোচরে ছিলেন। এই আবিষ্কার প্রাচীন আসিরিয়ার রাজনৈতিক ইতিহাসকে আরও জটিল ও বৈচিত্র্যময় করে তুলেছে।
গবেষকদের মতে, বাদ পড়া প্রথম রাজা তিংলাথ-পিলেসার, যিনি আসুর-দান তৃতীয়র সমসাময়িক ছিলেন। ব্রিটিশ মিউজিয়ামে সংরক্ষিত একটি মাটির ফলক থেকে জানা যায়, খ্রিষ্টপূর্ব ৭৬৩ থেকে ৭৬২ সালের দিকে তিনি রাজত্ব করেছিলেন। দ্বিতীয়জন রাজা সালমানেসার, যার অস্তিত্ব ইরাকের টেল আবতায় পাওয়া একটি শিলালিপি বিশ্লেষণ করে নিশ্চিত হওয়া গেছে। তিনি খ্রিষ্টপূর্ব ৭৪৫ সালে তিংলাথ-পিলেসার তৃতীয়র শাসনামলের ঠিক আগেই ক্ষমতায় ছিলেন বলে ধারণা করা হচ্ছে। তৃতীয়জন হলেন আসুর-উবাল্লিত, যিনি খ্রিষ্টপূর্ব ৯১৩ থেকে ৯১২ সাল পর্যন্ত শাসন করেছিলেন বলে গবেষকরা মত দিয়েছেন।
গবেষকদের মতে, আসিরীয় কিং লিস্ট কেবল ইতিহাসের নিরপেক্ষ দলিল ছিল না, বরং এটি ছিল রাজকীয় বৈধতা প্রতিষ্ঠার একটি কৌশল। অনেক সময় স্বল্পমেয়াদী বা সমান্তরাল রাজাদের নাম এই তালিকা থেকে মুছে ফেলা হতো। এই নতুন তথ্য প্রমাণ করে যে, প্রাচীন আসিরিয়ার রাজনৈতিক প্রেক্ষাপট প্রচলিত ধারণার চেয়েও অনেক বেশি জটিল ছিল। নতুন এই আবিষ্কারের ফলে প্রাচীন এই সাম্রাজ্যের রাজকীয় ঐতিহ্য এবং তৎকালীন রাজনৈতিক আদর্শ সম্পর্কে ইতিহাসবিদদের ধারণা পাল্টে যেতে পারে বলে মনে করা হচ্ছে।