ঢাকাTuesday , 28 July 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

আনোয়ারায় মন্ত্রীদের উপস্থিতিতে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ


July 27, 2026 8:20 pm
Link Copied!

বাংলাদেশের চট্টগ্রামের আনোয়ারায় চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (সিইআইজেড) উদ্বোধন অনুষ্ঠানস্থলের বাইরে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি থেকে চাকরিচ্যুতরা বিক্ষোভ প্রদর্শন করেছেন। সোমবার সকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের উপস্থিতিতে এই কর্মসূচি পালন করেন তারা। নিজেদের দাবি সরকারের উচ্চপর্যায়ে পৌঁছানোর লক্ষ্যেই তারা এই কর্মসূচি বেছে নেন।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বৈরাগ ইউনিয়নের চায়না রোড এলাকায় এই বিক্ষোভ শুরু হয়। এ সময় অনুষ্ঠানস্থলে এবং আশপাশের এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

বিক্ষোভকারীরা জানান, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে কোনো প্রকার নিয়ম বা নোটিশ ছাড়াই ইসলামী ব্যাংক থেকে প্রায় সাড়ে ৫ হাজার কর্মকর্তা-কর্মচারীকে জোরপূর্বক ছাঁটাই করা হয়েছে। তাদের অভিযোগ, একটি নির্দিষ্ট গোষ্ঠী ব্যাংকটির নিয়ন্ত্রণ নিয়ে নিজেদের পছন্দের লোকজনকে নিয়োগ ও পদোন্নতি দিয়েছে।

চাকরিচ্যুতদের দাবি, ইসলামী ব্যাংকের বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে পুনর্গঠন করতে হবে এবং চাকরি হারানোদের সসম্মানে চাকরিতে ফিরিয়ে নিতে হবে। দীর্ঘ কর্মহীনতায় তারা চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন বলে জানান। তবে এসব অভিযোগের বিষয়ে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

পুলিশের একজন কর্মকর্তা জানান, ভিআইপি নিরাপত্তা ও জনশৃঙ্খলার বিষয়টি বিবেচনায় নিয়ে বিক্ষোভকারীদের ঘটনাস্থল থেকে সরিয়ে দেওয়া হয়। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর নির্ধারিত সূচি অনুযায়ী সিইআইজেডের উদ্বোধনী অনুষ্ঠান ও ভিত্তিপ্রস্তর স্থাপন সম্পন্ন হয়।