ভারতের অনূর্ধ্ব-১৯ দলে জায়গা পেয়েছেন বীরেন্দর শেবাগ ও রাহুল দ্রাবিড়ের সন্তান আর্যবীর শেবাগ ও অন্বয় দ্রাবিড়। ভারতের মেনস সিলেকশন কমিটি অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য তাদের এই দলে অন্তর্ভুক্ত করেছে। ঘরোয়া মাঠে অনুষ্ঠেয় এই সিরিজটি তরুণ ক্রিকেটারদের নিজেদের সামর্থ্য প্রমাণের একটি বড় সুযোগ হিসেবে দেখা হচ্ছে।
তবে আর্যবীর ও অন্বয় কেবল সাদা বলের সিরিজের জন্য নির্বাচিত হয়েছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে যে দুটি চারদিনের ম্যাচ রয়েছে, সেই স্কোয়াডে তাদের রাখা হয়নি। ভারতের জুনিয়র দলের এই নির্বাচনকে বেশ গুরুত্বের সঙ্গেই দেখা হচ্ছে, কারণ এর মাধ্যমে ভবিষ্যতের তারকা ক্রিকেটারদের খুঁজে বের করার লক্ষ্য রয়েছে নির্বাচকদের।
দল পরিচালনার ক্ষেত্রে এবার ভিন্ন কৌশল নিয়েছে ভারতীয় বোর্ড। ওয়ানডে সিরিজের জন্য লক্ষ্যা রাইচান্দানিকে অধিনায়ক ও যশবর্ধন চৌহানকে সহ-অধিনায়ক করা হয়েছে। অন্যদিকে, চারদিনের ম্যাচের জন্য এই দায়িত্ব অদলবদল করা হয়েছে, যেখানে অধিনায়ক হিসেবে থাকছেন যশবর্ধন এবং সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন লক্ষ্যা।
ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ এবং প্রথম চারদিনের ম্যাচটি রাজকোটে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় চারদিনের ম্যাচটি হবে আহমেদাবাদে। আর্যবীর শেবাগ মূলত ব্যাটার হিসেবে সুযোগ পেয়েছেন, আর অন্বয় দ্রাবিড় দলে রয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে। খ্যাতনামা বাবার পরিচয়ের চেয়ে নিজেদের পারফরম্যান্সের মাধ্যমেই তারা ভবিষ্যতের ভারতীয় দলে জায়গা করে নিতে চান বলে ধারণা করা হচ্ছে।