মালয়েশিয়ার কুয়ালালামপুরে বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাইপর্বের ড্রয়ে বাংলাদেশ ‘সি’ গ্রুপে জায়গা পেয়েছে। এই গ্রুপে বাংলাদেশের অন্য প্রতিপক্ষরা হলো স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত, সিরিয়া, ভুটান ও ম্যাকাও। সংযুক্ত আরব আমিরাতে এই গ্রুপের সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে।
আগামী ৮ থেকে ২০ নভেম্বর পর্যন্ত বাছাই পর্বের খেলা চলবে। টুর্নামেন্টের সূচি অনুযায়ী, ৮ নভেম্বর প্রথম ম্যাচেই বাংলাদেশ মুখোমুখি হবে সিরিয়ার। এএফসির এই বয়সভিত্তিক টুর্নামেন্টে ১৯৮৬ সাল থেকে অংশ নিয়ে আসছে বাংলাদেশ। এখন পর্যন্ত ছয়বার অংশগ্রহণকারী বাংলাদেশ একবার রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছে।
বাছাইপর্বের ইতিহাসে বাংলাদেশের বড় জয়টি এসেছিল ১৯৯৬ সালে পাকিস্তানের বিপক্ষে ২৮-০ ব্যবধানে। অন্যদিকে, ২০০৭ সালে সংযুক্ত আরব আমিরাতের কাছে ৯-১ গোলের হারটি এখন পর্যন্ত বড় ব্যবধানের পরাজয়।