বাংলাদেশের কক্সবাজারে আদালতের নির্দেশনা অমান্য করে সমুদ্রসৈকতের বালিয়াড়িতে অবৈধ নির্মাণকাজ শুরু করায় জেলা প্রশাসক এম এ মান্নান, প্রকল্প পরিচালক রাশিদুর রহমান, কক্সবাজার পৌরসভার নির্বাহী কর্মকর্তা আদনান চৌধুরী এবং জাইকার বাংলাদেশ প্রতিনিধি তাকাহাসকি জানকোকে আদালত অবমাননার নোটিশ পাঠানো হয়েছে। হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) প্রেসিডেন্ট ও সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ বৃহস্পতিবার ই-মেইল ও ডাকযোগে এই নোটিশ পাঠিয়েছেন। আগামী ২৪ ঘণ্টার মধ্যে নির্মাণকাজ বন্ধ করার নির্দেশনা দেওয়া হয়েছে এবং তা না মানলে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
২০১১ সালে উচ্চ আদালতের এক রায়ে বিশ্বের দীর্ঘতম এই প্রাকৃতিক সমুদ্রসৈকতের সৌন্দর্য রক্ষায় বালুর ওপর যেকোনো ধরনের স্থাপনা নির্মাণ নিষিদ্ধ করা হয়েছিল। এর আগে আদালতের নির্দেশে দুই দফায় সৈকতের বালুর ওপর নির্মিত অবৈধ স্থাপনা অপসারণ করা হয়েছিল।
বর্তমানে জাইকার অর্থায়নে পুনরায় সৈকতে নির্মাণকাজ শুরু হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। নোটিশে বলা হয়েছে, আদালতের সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বালুর ওপর পুনরায় স্থাপনা নির্মাণের এই উদ্যোগ সরাসরি আদালত অবমাননার শামিল।