ঢাকাSunday , 30 August 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

খাদ্যগুদামে অনিয়ম সহ্য করা হবে না: মানিকগঞ্জে খাদ্যমন্ত্রী


August 29, 2026 11:15 pm
Link Copied!

বাংলাদেশের মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার ধানকোড়া গিরীশ ইনস্টিটিউশন মাঠে এক সংবর্ধনা অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেছেন, খাদ্যশস্যের সরবরাহ ও মজুত ব্যবস্থাপনায় কোনো ধরনের অনিয়ম বা দায়িত্ব পালনে গাফিলতি পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দেশের মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং পর্যাপ্ত মজুত বজায় রাখা সরকারের অন্যতম প্রধান লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।

খাদ্যমন্ত্রী বলেন, যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় খাদ্যগুদামগুলোতে পর্যাপ্ত মজুত থাকা জরুরি। একই সঙ্গে সাধারণ মানুষের কাছে নিরাপদ খাদ্য পৌঁছে দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে সারা দেশের গুদাম ও সরবরাহব্যবস্থা নিয়মিত পরিদর্শন করা হবে। মানিকগঞ্জের ঘিওর উপজেলা খাদ্যগুদামে চাল ও গমের হিসাবে গরমিলের অভিযোগে দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের উদাহরণ টেনে তিনি জানান, অনিয়মের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।

সারসংকট প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আফরোজা খানম জানান, দেশে সারের কোনো সংকট নেই, তবে সরবরাহ ও ব্যবস্থাপনায় কিছু সীমাবদ্ধতা রয়েছে। সরকার কৃষকদের প্রয়োজন অনুযায়ী সার ও কৃষি উপকরণ সরবরাহ নিশ্চিত করতে কাজ করছে এবং আগামী বোরো মৌসুমে কৃষকদের সার নিয়ে সমস্যায় পড়তে হবে না।

এর আগে তিনি তার প্রয়াত বাবা ও সাবেক মন্ত্রী হারুনার রশিদ খানের স্মরণে আয়োজিত বিনা মূল্যের মেডিক্যাল ক্যাম্প পরিদর্শন করেন। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সিভিল সার্জন আইভী ফেরদৌসী, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।