তাইওয়ানের প্রযুক্তি প্রতিষ্ঠান এইচটিসি তাদের নতুন এআই স্মার্ট গ্লাস ‘ভাইভ ঈগল’ বিশ্ববাজারে উন্মুক্ত করেছে। মেটার স্মার্ট গ্লাসের বিকল্প হিসেবে পরিচিত এই ডিভাইসটির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো এর আলাদাভাবে যুক্ত করা যায় এমন ব্যাটারি প্যাক বা পাওয়ার বুস্ট। প্রযুক্তি বিশ্লেষক স্কট স্টেইন জানিয়েছেন, এই উদ্ভাবনী ব্যাটারি প্রযুক্তি স্মার্ট গ্লাসের ব্যবহারে নতুন মাত্রা যোগ করতে পারে।
বর্তমানে যুক্তরাষ্ট্রে ৪৯৯ ডলারে বিক্রি হওয়া এই গ্লাসটিতে ক্যামেরা ও অডিও সুবিধার পাশাপাশি এআই ব্যবহারের সুযোগ রয়েছে। এর ক্যামেরা দিয়ে ১২ মেগাপিক্সেলের ওয়াইড-অ্যাঙ্গেল ছবি ও ভিডিও ধারণ করা সম্ভব। ডিভাইসটির সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর ৪৯ ডলার মূল্যের চৌম্বকীয় ‘পাওয়ার বুস্ট’ ব্যাটারি প্যাক, যা গ্লাসের একপাশে সংযুক্ত করে সরাসরি চার্জ দেওয়া যায়। ফলে ব্যবহারকারীকে চার্জ দেওয়ার জন্য গ্লাসটি খুলে রাখার প্রয়োজন পড়ে না।
এইচটিসির দাবি অনুযায়ী, মূল ব্যাটারি চার্জ শেষ হয়ে গেলে এই প্যাকটি ব্যবহারের মাধ্যমে গ্লাসটি দীর্ঘ সময় সচল রাখা সম্ভব। মেটার স্মার্ট গ্লাসের ক্ষেত্রে চার্জ দেওয়ার জন্য সেটিকে কেসে রাখতে হয়, কিন্তু এইচটিসির এই স্ন্যাপ-অন প্রযুক্তি ব্যবহারে স্মার্ট গ্লাসের অবিচ্ছিন্ন ব্যবহারের সুযোগ তৈরি হয়েছে।
গ্লাসটিতে গুগলের জেমিনি বা ওপেনএআই-এর মডেল ব্যবহার করে এআই চ্যাটবট সুবিধা পাওয়া যাবে। তবে এটি সরাসরি ব্যবহারকারীর নিজস্ব জেমিনি বা চ্যাটজিপিটি অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত হয় না। এছাড়াও এতে ৯০টি ভাষায় লাইভ অনুবাদ সুবিধা রয়েছে। নিরাপত্তার খাতিরে রেকর্ডিং চলাকালীন এতে একটি এলইডি লাইট জ্বলে ওঠে।
এইচটিসির এই গ্লাসটি ব্যবহারের জন্য মাসিক তিন ডলার সাবস্ক্রিপশন ফি প্রযোজ্য, তবে কেনার সময় প্রথম দুই বছরের সেবা বিনামূল্যে পাওয়া যাবে। পরিধানযোগ্য প্রযুক্তিতে সাবস্ক্রিপশন মডেলের এই প্রবণতা ভবিষ্যতে অন্যান্য প্রতিষ্ঠানের ক্ষেত্রেও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।