যুক্তরাষ্ট্রের টেক জায়ান্ট অ্যাপল ওয়াচ থেকে সরে এসে ‘পেবল টাইম ২’ (Pebble Time 2) ব্যবহারের অভিজ্ঞতা জানিয়েছেন প্রযুক্তি লেখক প্যাট্রিক ও’রোর্ক। অত্যাধুনিক অ্যাপল ওয়াচের বদলে ফিচার সীমিত এই স্মার্টওয়াচটি ব্যবহার করে তিনি ডিজিটাল জীবনের জটিলতা কমিয়ে বাস্তবে মনোযোগী হতে পারছেন বলে মন্তব্য করেছেন।
প্যাট্রিক জানান, দীর্ঘ দিন অ্যাপল ওয়াচ ব্যবহারের পর তার মনে হয়েছে তিনি প্রতিনিয়ত ডিজিটাল নোটিফিকেশনের চাপে থাকছেন। কিন্তু পেবল টাইম ২-এর মতো সাধারণ ও কম ফিচারযুক্ত ডিভাইস তাকে প্রয়োজনের বাইরের তথ্য থেকে দূরে রাখতে সাহায্য করছে। এর ফলে তিনি এখন কর্মব্যস্ততার বাইরে কিছুটা স্বস্তি পাচ্ছেন।
ডিভাইসটির সীমাবদ্ধতা সম্পর্কে তিনি উল্লেখ করেন, এতে অ্যাপল ওয়াচের মতো সব ধরনের ফিচার নেই। এমনকি আইফোনের সাথে এটি ব্যবহার করলে সরাসরি মেসেজের উত্তর দেওয়া সম্ভব হয় না। তবে এর ১.৫ ইঞ্চি ই-পেপার টাচস্ক্রিন, হার্ট রেট মনিটর এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি তাকে মুগ্ধ করেছে। একবার চার্জ দিলে এটি প্রায় ৩০ দিন পর্যন্ত চলতে পারে, যা অ্যাপল ওয়াচের তুলনায় অনেক বেশি সুবিধাজনক।
পেবল টাইম ২-এর স্থায়িত্ব নিয়ে কিছু উদ্বেগের কথাও তিনি তুলে ধরেন। এর কাঁচের স্ক্রিন তুলনামূলকভাবে নাজুক এবং কিছু ক্ষেত্রে বাটনে সমস্যা দেখা দিতে পারে। তবে এসব খুঁত থাকা সত্ত্বেও ডিভাইসের সরলতা তাকে আকৃষ্ট করেছে। প্যাট্রিক মনে করেন, ডিজিটাল জগতের অতিরিক্ত নিয়ন্ত্রণ থেকে বাঁচতে এই ধরণের সাধারণ স্মার্টওয়াচ এখন তার জন্য সবচেয়ে কার্যকর।